FIFA WORLD CUP 2026
নিউ ইয়র্ক শহরের কথা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে গগনচুম্বী অট্টালিকা, ওয়াল স্ট্রিটের অর্থনৈতিক ব্যস্ততাসহ পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা অভিবাসীদের এক মহামিলনমেলা। কিন্তু এই চেনা অবয়বের বাইরে গিয়ে এই দেশের বুকে লুকিয়ে আছে রোমাঞ্চকর ফুটবলের ইতিহাস। আমেরিকান ফুটবলের তুমুল জনপ্রিয়তার ভিড়ে আমাদের চিরচেনা ফুটবল কীভাবে নিজের জায়গা করে নিয়েছে তা এক ইতিহাস। এর সব থেকে বড় কারণ এই শহর। এই বছর অর্থাৎ ২০২৬ সালে যখন নিউ ইয়র্ক-নিউ জার্সি অঞ্চল বিশ্বের সর্ববৃহৎ ফুটবল মহাযজ্ঞের ফাইনাল আয়োজনের চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন, তখন স্বাভাবিকভাবেই স্মৃতির পাতা উল্টে ফিরে তাকাতে হয় সুদীর্ঘ ও গৌরবময় ফুটবল যাত্রার দিকে।
অভিবাসীদের হাত ধরে গোড়াপত্তন:
নিউ ইয়র্কে ফুটবলের গল্পটা কোনও আধুনিক কৃত্রিম হুজুগ নয়, এর শিকড় বেশ গভীরে এবং পুরনো। উনবিংশ শতাব্দীর শেষভাগে যখন ইউরোপীয় অভিবাসীরা নিজেদের সঙ্গে এই শহরে নিয়ে এসেছিলেন তাঁদের প্রিয় ফুটবল সংস্কৃতিও। ইতালি, আয়ারল্যান্ড, জার্মানি এবং পূর্ব ইউরোপের খেটে খাওয়া মানুষগুলো ব্রুকলিন, কুইন্স এবং নিউ জার্সির আনাচে-কানাচে গড়ে তোলেন ছোট ছোট স্থানীয় ক্লাব। অভিবাসীদের সেই চেনা আবেগ আর পায়ের ছোঁয়াতেই নিউ ইয়র্ক ধীরে ধীরে হয়ে ওঠে মার্কিন ফুটবলের এক অলিখিত প্রবেশদ্বার।

নিউ ইয়র্ক কসমস ও পেলের সেই ‘বিগ ব্যাং’ যুগ:
শহরের ফুটবল ইতিহাসে ১৯৭১ সালটি ছিল একটি মাইলফলক। কারণ এই বছরই প্রতিষ্ঠিত হয় ‘নিউ ইয়র্ক কসমস’। এই মাইলফলকের ওপর আরও একটি নতুন পালক জুড়ে যায় ১৯৭৫ সালে। যখন বিশ্ব ফুটবলের অবিসংবাদিত সম্রাট ও ব্রাজিলের রত্ন পেলে সান্তোস ছেড়ে কসমসে যোগ দেন তখন। তারপর বদলে গেল পুরো দৃশ্যপট।
আমেরিকার মূলধারার গণমাধ্যম ও ক্রীড়া আলোচনায় ফুটবল প্রথমবারের মতো প্রথম পাতায় জায়গা করে নিল। পেলেকে একনজর দেখতে স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের ঢল নামতে শুরু করল। পেলের পর জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাউয়ার কিংবা কার্লোস আলবার্তো তোরেসের মতো বিশ্বসেরা তারকারা যখন কসমসের জার্সি গায়ে জড়িয়েছেন। ক্রীড়া গবেষকদের মতে, আমেরিকার মাটিতে আধুনিক ফুটবল সংস্কৃতির আসল ভিত্তিপ্রস্তরটি স্থাপন করে দিয়েছিল পেলের সেই কসমস যুগই। পেলের আগমন বিশ্বকে দেখিয়েছিল যে যুক্তরাষ্ট্রও ফুটবলের বড় বাজার হতে পারে।
এমএলএস যুগ: পেশাদারিত্ব ও আধুনিক রূপান্তর:
নব্বইয়ের দশকে এসে সেই জোয়ার আরও প্রাতিষ্ঠানিক রূপ পায়। ১৯৯৪ সালের সফল বিশ্বকাপ আয়োজনের পর যুক্তরাষ্ট্রে জন্ম নেয় নতুন পেশাদার লিগ- ‘মেজর লিগ সকার'(MLS)। নিউ ইয়র্ক অঞ্চল এবারও পিছিয়ে থাকেনি। ‘নিউ ইয়র্ক রেড বুলস’ এবং পরবর্তীতে ‘নিউ ইয়র্ক সিটি এফসি’ (NYCFC)-র মতো আধুনিক ক্লাবগুলো শহরের ফুটবলকে নিয়ে যায় এক নতুন উচ্চতায়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবলপ্রেমী অভিবাসীদের কারণে এই ক্লাবগুলো দ্রুতই এক বিশাল এবং অনুগত সমর্থকগোষ্ঠী পেয়ে যায়, যা আমেরিকার অন্য কোনও শহরে মেলা ভার।Raise Your Concern About this Content

কেন ২০২৬-এ দাঁড়িয়ে নিউ ইয়র্ক-ই বিশ্ব ফুটবলের “শেষ গন্তব্য”?
১৯৯৪ সালের পর দীর্ঘ তিন দশক পেরিয়ে আবারও বিশ্বকাপের ফাইনাল ফিরেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর এবার, ৪৮টি দলের অংশগ্রহণে ইতিহাসের সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি (১৯ জুলাই, ২০২৬) অনুষ্ঠিত হতে চলেছে নিউ ইয়র্ক–নিউ জার্সির ঐতিহ্যবাহী মেটলাইফ স্টেডিয়ামে।
এই টুর্নামেন্টে এই অঞ্চলটি কেবল ফাইনালই নয়, সর্বমোট ৮টি গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করছে। ফুটবল বিশ্লেষকরা তাই যথার্থই নিউ ইয়র্ককে বিশ্ব ফুটবলের “শেষ গন্তব্য” বলে অভিহিত করছেন। কারণ এখানেই নির্ধারিত হবে ২০২৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন, এখানেই উড়বে জয়ের শেষ পতাকা।
বহুসাংস্কৃতিক সমাজ, অর্থনীতি ও ফুটবলের উৎসব:
নিউ ইয়র্কের সবচেয়ে বড় শক্তি হল তার বৈচিত্র্য। এই শহরে ব্রাজিলিয়ান, আর্জেন্টাইন, ইংলিশ, ফ্রেঞ্চ, মেক্সিকান কিংবা মরক্কোন, সব দেশের মানুষেরই এক বিশাল বসতি রয়েছে। ফলে বিশ্বকাপ চলাকালীন পুরো নিউ ইয়র্ক কোনও একক দেশের শহর থাকে না, বরং এটি হয়ে ওঠে এক ‘মিনি ওয়ার্ল্ড কাপ’। বিভিন্ন ফ্যান জোন, পাবলিক ভিউয়িং স্পট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরো শহর হয়ে ওঠে এক উৎসবের নগরী।

এই ফুটবল উন্মাদনার একটি বিশাল অর্থনৈতিক ও দীর্ঘমেয়াদি প্রভাবও রয়েছে। লক্ষাধিক আন্তর্জাতিক পর্যটকের আগমন, হোটেল, পরিবহন, রেস্তোরাঁ ও স্থানীয় ব্যবসার অভূতপূর্ব প্রবৃদ্ধি বিশ্বমঞ্চে নিউ ইয়র্কের ব্র্যান্ড মূল্যকে আরও বাড়িয়ে দিচ্ছে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে, এই আসর আমেরিকার নতুন প্রজন্মের মনের ভেতর ফুটবলের প্রতি যে ভালবাসার জন্ম দিচ্ছে, তা অমূল্য।
উপসংহার:
পেলের কসমস থেকে শুরু করে আজকের আধুনিক এমএলএস, আর সেখান থেকে ২০২৬ বিশ্বকাপের এই মহামঞ্চ অর্থ্যাৎ নিউ ইয়র্কের এই ফুটবল যাত্রা কেবল ইতিহাস নয়, এটি একটি শহরের আত্মপ্রকাশ ও রূপান্তরের গল্প। সত্তরের দশকে যে ফুটবলের বীজ বুনেছিলেন পেলে, মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালের মধ্য দিয়ে তা আজ এক বিশাল মহীরূহে পরিণত। ২০২৬ সালের এই বিশ্বকাপ ফাইনাল নিউ ইয়র্ককে বিশ্ব ফুটবল ইতিহাসের পাতায় এই শহরের নাম চিরদিনের জন্য স্বর্ণাক্ষরে লিখে রাখবে।
তথ্যসূত্র :
১. নিউ ইয়র্কে ফুটবলের ইতিহাস
২. মেজর লিগ সকার
৩. ফুটবল সম্রাট পেলে
৪. নিউ ইয়র্ক কসমস (২০২৬)
৫. নিউ ইয়র্ক কসমস (১৯৭১–১৯৮৫)
৬. নিউ ইয়র্ক কসমস
৭. ফিফা বিশ্বকাপ কিংবদন্তিরা
৮. পেলে
৯. অন্যান্য




