Homeপার্বণীদীপাবলিতে কালীঘাটে কালীমা পূজিতা হন মহালক্ষ্মী রূপে, জানেন কি সেই কথা?

দীপাবলিতে কালীঘাটে কালীমা পূজিতা হন মহালক্ষ্মী রূপে, জানেন কি সেই কথা?

বিষয়বস্তুর সারণী [hide]

দুর্গাপুজোর সঙ্গে পাল্লা দিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে আয়োজিত হয় মা কালীর পুজো। কিন্তু জানেন কি, পশ্চিমবঙ্গের কালীঘাটের কালীমন্দিরে দীপাবলির দিন মা কালীকে মহালক্ষ্মী রূপে আরাধনা করা হয়? ভাগ্য হয়েছিল দীপাবলির দিনে কালীঘাটের মহালক্ষ্মীপুজো দেখার। আজ গল্প করব সেই অভিজ্ঞতার কথা।

দীপাবলিতে কালীঘাটে মহালক্ষ্মী রূপ দর্শন

দীপাবলির দিন কলকাতার কালীঘাটে যখন পৌঁছলাম, তখন চারদিকে আলো ঝলমল করছে। চারদিকে উৎসবের ব্যস্ততা। মানুষের ভিড়, মন্দিরমুখী ভক্তদের আনাগোনা, সাজিয়ে রাখা লাল জবার ফুলের দোকান, পুজোর ডালা আর ধূপের গন্ধ—সব যেন মা কালীর মহিমায় মেতে উঠেছে।

কৃতজ্ঞতা স্বীকার : Google

আমার বহুদিনের ইচ্ছে ছিল, কালীঘাটে দীপাবলির দিন কালীর যে মহালক্ষ্মী রূপে পুজো করা হয়, সেই দৃশ্যটি দেখার। তাই সেই ইচ্ছে নিয়েই ভিড় ঠেলে প্রবেশ করলাম মা কালীর মন্দিরে। মন ভরে দেখলাম মায়ের মহালক্ষ্মী রূপ। আজ জানাব কালীঘাটের কালীমন্দিরে মহালক্ষ্মীপুজোর ইতিহাস ও বিশেষ আচার সম্পর্কে।

কালীঘাটে মহালক্ষ্মীপুজোর ইতিহাস

দীপাবলি বা দীপান্বিতা অমাবস্যার রাতে যেখানে সারা বাংলায় মা কালীর আরাধনা করা হয়, সেখানে কলকাতার ঐতিহাসিক কালীঘাট মন্দিরে দেবী দক্ষিণাকালীকে মহালক্ষ্মী রূপে পুজো করা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই অনন্য ঐতিহ্য ও নিয়ম মেনে প্রতিবছর দীপাবলিতে এই বিশেষ পুজোর আয়োজন করা হয়।

মন্দিরের পুরোহিতদের কাছ থেকে জানতে পারলাম, এই বিশেষ পুজোর বিভিন্ন নিয়ম ও আচার সম্পর্কে।

কালীঘাটে মহালক্ষ্মীপুজোর সূচনা নিয়ে কিছু কথা

মন্দিরের পুরোহিতরা জানান, কালীঘাটে দীপাবলির দিনে মহালক্ষ্মীপুজোর নিয়ম কবে চালু হয়েছে, তা তাঁরা সঠিকভাবে জানেন না। তবে ধারণা করা হয়, মন্দিরের প্রতিষ্ঠাতা রায়চৌধুরী পরিবার যখন মন্দির পরিচালনার দায়িত্ব গঙ্গাপ্রসাদ চক্রবর্তীর হাতে তুলে দেয়, তখন থেকেই দেবীকে মহালক্ষ্মী বা ধনলক্ষ্মী রূপে পুজো করার প্রচলন শুরু হয়। যেহেতু গঙ্গাপ্রসাদ বৈষ্ণব ছিলেন, তাই তিনিই এই প্রথার প্রচলন করেছিলেন বলে লোকমুখে ধারণা প্রচলিত রয়েছে।

হিন্দুধর্মীয় বিশ্বাসে লক্ষ্মী সমৃদ্ধি, সৌভাগ্য, শ্রী ও মঙ্গলের প্রতীক। অন্যদিকে মা কালী হলেন শক্তি, অশুভ বিনাশ ও রক্ষার প্রতীক। তাই কালীঘাটে এই বিশেষ দিনে মায়ের আরাধনা করা হয়। এর মধ্য দিয়ে ভক্তরা দেবীর কাছে শক্তি, মঙ্গল ও সমৃদ্ধির প্রার্থনা করেন।

কালীঘাটের মহালক্ষ্মীপুজোর বিশেষ আচার

প্রচলিত নিয়ম অনুযায়ী, দীপাবলির দিন কালীঘাটে কয়েকটি বিশেষ আচার পালন করা হয়। মন্দিরের পুরোহিতদের কাছ থেকেই জানতে পারলাম, দীপাবলিতে কালীঘাটে কীভাবে মায়ের মহালক্ষ্মী রূপের পুজো করা হয়। বলছি সেই কথাই।

অলক্ষ্মী বিদায়

দীপাবলির সন্ধ্যায় মন্দিরে মহালক্ষ্মীর আরাধনার আগে অলক্ষ্মীকে বিদায় জানানোর একটি বিশেষ রীতি রয়েছে।

পুরোহিতদের কাছ থেকে জানা গেল, এদিন সন্ধ্যায় পুরোহিতরা পাটকাঠি বা শুকনো ডাঁটা জ্বালিয়ে মন্দিরের গর্ভগৃহ ও প্রাঙ্গণ তিনবার প্রদক্ষিণ করেন। এরপর খড় ও তুষ দিয়ে তৈরি অলক্ষ্মীর পুতুল পুড়িয়ে ঘর-সংসার ও সমাজ থেকে সমস্ত দুর্ভাগ্য, ঈর্ষা ও অমঙ্গল দূর করার প্রার্থনা করা হয়।

এরপর শুরু হয় শুদ্ধিকরণের কাজ। অলক্ষ্মী বিদায়ের পর মন্দির চত্বর ও গর্ভগৃহ জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়।

মহালক্ষ্মী রূপে কালীমায়ের সাজ ও পুজো

কালীঘাটে মহালক্ষ্মীপুজোর জন্য আলাদা কোনও লক্ষ্মীপ্রতিমা রাখা হয় না। গর্ভগৃহে বিরাজমান মা দক্ষিণাকালীকেই মহালক্ষ্মী বা ধনলক্ষ্মী রূপে পুজো করা হয় বলে মন্দিরের পুরোহিতরা জানান।

এদিন মন্দির পরিষ্কারের পর দেবীকে নতুন শাড়ি পরানো হয়। সুগন্ধি তেল, পারফিউম ও বিভিন্ন সুন্দর ফুলের মালায় সাজানো হয় মাকে।

যদিও মহালক্ষ্মী রূপে পুজোর পর মা কালীকে আবার নতুন করে সাজানো হয় নিশিপুজোর জন্য। দীপান্বিতার দিনে কালীঘাটের কালীমা একবার মহালক্ষ্মী রূপে সেজে ওঠেন, আবার রাত আটটার পর ফিরে আসেন নিজস্ব কালীমূর্তির সাজে।

কালীঘাটে দীপান্বিতার বিশেষ ভোগ

কালীঘাটের নিয়ম অনুসারে, দীপাবলির দিনে দেবীর ভোগেও বৈচিত্র দেখা যায়। এদিন মন্দিরের সমস্ত সেবাইতের বাড়ি থেকে মায়ের জন্য বিশেষ নৈবেদ্য পাঠানো হয়।

কৃতজ্ঞতা স্বীকার : Google

দুপুরের ভোগ

নিত্যদিনের মতোই দীপাবলির দিনেও কালীঘাটের মা কালীর দুপুরের ভোগে নিবেদন করা হয় শুক্তো, পাঁচ রকমের ভাজা, সাদা ভাত, পোলাও, মাছের কালিয়া, পাঁঠার মাংস ও পায়েস।

সন্ধ্যার মহালক্ষ্মীর ভোগ

সন্ধ্যা ছটা নাগাদ মহালক্ষ্মীপুজোর উপাচার হিসেবে মা দক্ষিণাকালীকে নিবেদন করা হয় খই, নারকেলের নাড়ু, মুড়কি, মণ্ডা-মিঠাই, লুচি, ফল এবং বিশেষ তরকারি। মূলত এই সময় দেবীকে বৈষ্ণবী রূপে পুজো করা হয় বলে এই নিরামিষ ভোগ নিবেদন করা হয়। মহালক্ষ্মীপুজোয় মাছ-মাংস দিয়ে ভোগ নিবেদন করা হয় না।

রাতের ভোগ

রাত আটটার পর মা কালীকে আবার নতুন করে সাজিয়ে কালীরূপে পুজো করা হয়। সেই সময় দেবীর জন্য রান্না করা হয় খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, পাঁচ রকমের মাছ, পায়েস, চাটনি এবং পেঁয়াজ-রসুন ছাড়া বলির মাংস।

কালীঘাটের কালীমায়ের মহালক্ষ্মী রূপের বিশেষ সাজ

দীপান্বিতার সন্ধ্যায় যখন মা কালীকে মহালক্ষ্মী রূপে পুজো করা হয়, তখন তাঁকে বিশেষ সাজে সাজানো হয়। সেই রূপ ছিল অপূর্ব।

দেবীকে সম্পূর্ণ নতুন গরদ বা বেনারসি শাড়ি পরানো হয়। মায়ের রুপালি হাত-পা এবং স্বর্ণালংকার পরম যত্নে বিশেষভাবে সাজানো হয়। কালীমাকে এদিন বিশেষ সুগন্ধি ফুল ও জবার মালায় সাজানো হয়। মায়ের কপালে নতুন করে দেওয়া হয় বিশেষ তিলক।

একই প্রতিমায় মায়ের ভিন্ন রূপ! এ যেন এক অন্য অভিজ্ঞতা।

মহালক্ষ্মীপুজো দর্শনের জন্য কিছু টিপস

যদি কেউ কালীঘাটে কালীমায়ের মহালক্ষ্মী রূপের সাজসজ্জা ও আরতি দেখতে চান, তাহলে সন্ধ্যার আগেই মন্দিরে পৌঁছনো ভালো। আমার জানা অনুযায়ী, সন্ধ্যা ছটা নাগাদ মহালক্ষ্মীপুজো শুরু হয়। তাই দর্শনার্থীদের এই বিশেষ পুজো দেখতে হলে সন্ধ্যা পাঁচটা থেকে সাতটার মধ্যে মন্দিরে উপস্থিত থাকার পরিকল্পনা করা উচিত।

কারণ, খুব অল্প সময়ের মধ্যেই পুজোর বিভিন্ন আচার পালন করা হয়। এরপরই শুরু হয়ে যায় মায়ের নিশিপুজোর প্রস্তুতি।

এতক্ষণ বললাম কালীঘাটে কালীমায়ের মহালক্ষ্মীপুজো দেখার আমার অভিজ্ঞতার কথা। মন্দিরে প্রবেশ করা থেকে শুরু করে নিশিপুজো দেখা পর্যন্ত অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। তাই দর্শনার্থীদের জন্য কয়েকটি জরুরি নির্দেশিকাও রইল।

ভক্তদের জন্য আমার কিছু টিপস

গর্ভগৃহের লাইন

সরাসরি মায়ের মন্দিরের কাছে গিয়ে দাঁড়িয়ে মায়ের পুজো দেখার জন্য এই বিশেষ লাইন। এই লাইনে প্রচুর ভিড় থাকে। তবুও দেবীকে কাছ থেকে দর্শন করতে চাইলে এই লাইন ধরতে হবে।

জোড়বাংলা লাইন

আপনি যদি তুলনামূলকভাবে তাড়াতাড়ি মায়ের দর্শন করতে চান, তবে জোড়বাংলা লাইনে দাঁড়াতে পারেন। এই লাইনটি তুলনামূলকভাবে দ্রুত এগিয়ে যায়। তবে এই লাইন দিয়ে গর্ভগৃহের কাছ থেকে মায়ের দর্শন করা সম্ভব নয়। তাই কাছ থেকে দর্শন করতে চাইলে গর্ভগৃহের লাইনে ভিড়ের মধ্যেই অপেক্ষা করতে হবে।

ফটোগ্রাফি

সারা বছরই মন্দিরের মূল গর্ভগৃহের ভেতরে যেকোনও ধরনের ছবি তোলা বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ। বিশেষ অনুমতি ছাড়া ছবি তোলা বা ভিডিও করা উচিত নয়।Raise Your Concern About this Content

বিশেষ বা ভিআইপি দর্শন সংক্রান্ত তথ্য

যদি কেউ মনে করেন, কালীঘাটে সাধারণত অন্য মন্দিরের মতো ভিআইপি দর্শনের কোনও পাস বা ব্যবস্থা রয়েছে কি না, তাহলে জানিয়ে রাখি, আমার দর্শনের সময় মন্দির কমিটির পক্ষ থেকে কোনও প্রি-বুকিং বা ভিআইপি টিকিটের ব্যবস্থা ছিল না। সাধারণ লাইনেই দাঁড়িয়ে ভক্তদের পুজো দিতে হয়। পুজোর জন্য মন্দিরের পাণ্ডা বা সেবাইতদের সাহায্য নেওয়া যায়।

মন্দিরে যাওয়ার সবচেয়ে সহজ রুট ও যাতায়াত ব্যবস্থা

দীপাবলির দিনে কালীঘাট ও দক্ষিণ কলকাতায় তীব্র যানজট থাকে। তাই যাতায়াতের জন্য কলকাতা মেট্রো ব্যবহার করা অনেকটাই সুবিধাজনক।

কৃতজ্ঞতা স্বীকার : Google

মেট্রো রুট (সবচেয়ে সুবিধাজনক)

মন্দিরে পৌঁছতে মেট্রো করে কালীঘাট মেট্রো স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে রাসবিহারী মোড় হয়ে কালীঘাট টেম্পল রোড ধরে হেঁটে গেলে মন্দিরে পৌঁছতে প্রায় ১০-১২ মিনিট সময় লাগে। চাইলে স্টেশন থেকে অটো বা রিকশাও নিতে পারেন।

বাস ও ট্যাক্সি রুট

আপনি যদি বাসে আসেন, তবে হাওড়া, শিয়ালদহ বা কলকাতার যে কোনও প্রান্ত থেকে এসে হাজরা মোড় বা রাসবিহারী মোড়ে নামতে পারেন। সেখান থেকে হেঁটে বা অটোতে মন্দিরে পৌঁছনো যায়।

কালীপুজোর দিন বিকেলের পর মন্দিরের চারপাশের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ বা বন্ধ করে দেওয়া হতে পারে। তাই যাতায়াতের জন্য মেট্রো ব্যবহার করাই বেশি সুবিধাজনক।

কালীঘাটে মহালক্ষ্মী ও কালীর অভেদতত্ত্ব (আধ্যাত্মিক দর্শন)

সনাতন ভাবধারায় দীপাবলির এই মহানিশা কেবল আলো জ্বালানোর উৎসব নয়, এটি অন্তরের অন্ধকার দূর করে চেতনার আলোয় উত্তরণের লগ্ন।

কালীঘাটের এই বিশেষ দেবী আরাধনা এক গভীর আধ্যাত্মিক সত্যকে প্রকাশ করে। সন্ধ্যায় যিনি সৃষ্টি, পালন, ঐশ্বর্য ও শক্তির প্রতীক মা মহালক্ষ্মী, গভীর রাতে তিনিই আবার সংহার ও রূপান্তরের দেবী দক্ষিণাকালী।

তান্ত্রিক ও বৈদিক দর্শনের এই অপূর্ব সমন্বয় আমাদের স্মরণ করিয়ে দেয় যে, জগতের আলো ও অন্ধকার, সৃষ্টি ও লয়—সবই পরমা প্রকৃতির দুটি রূপ।

মায়ের জগন্মোহিনী মহালক্ষ্মী রূপ আমাদের অন্তরের শুদ্ধতা ও সমৃদ্ধির বিকাশ ঘটায়। আর রাতের কালী রূপ আমাদের অহংকার ও মোহকে ভস্মীভূত করে মুক্তির পথ দেখায়।

তাই বাহ্যিক ভিড়, কোলাহল এবং পার্থিব চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে দীপাবলির এই পুণ্যলগ্নে আদি গঙ্গার তীরে মায়ের চরণে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করাই যেন প্রকৃত দর্শন। অন্তরের প্রদীপটি জ্বালিয়ে মা যেন আমাদের শুভ চেতনা দান করেন, সেটাই প্রার্থনা।

আমার এই লেখায় রয়েছে সম্পূর্ণ নিজস্ব অনুভূতির কথা। পাশাপাশি সেখানে গিয়ে মন্দিরের পুরোহিত ও ভক্তদের কাছ থেকে জানা কিছু বিষয় এবং পড়াশোনার মাধ্যমে সংগৃহীত কিছু তথ্যও তুলে ধরেছি।

লেখাটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই জানাবেন। সেই আশাই রইল।

তথ্যসূত্র :

১. কালীঘাট কালীমন্দিরের ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় মাহাত্ম্য
২. কালীঘাট মন্দিরের একঝলক: ভিডিওচিত্র
৩. কালীঘাট কালীমন্দির: দর্শন ও ভিডিও প্রতিবেদন

Author

- বিজ্ঞাপন -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বাংলা ক্যালেন্ডার

- বিজ্ঞাপন -spot_img

Most Popular

Recent Comments