Homeপার্বণীকৃষ্ণনগর সৃষ্টিকর্তা হলে, চন্দননগর পালনকর্তা…………

কৃষ্ণনগর সৃষ্টিকর্তা হলে, চন্দননগর পালনকর্তা…………

জগদ্ধাত্রী পুজোর আবেগের যোগসূত্র দুই শহরের

দুর্গাপুজোর পর যে বিষন্নতা দীপাবলির আলোয় আসতে আসতে কেটে যায়। কালীপুজো পেরিয়ে গেলে ফের একবার মনখারাপ করা শুরু করে, আনন্দের মরশুমে যেন হঠাৎ করে কেউ দাঁড়ি টেনে দেয়। আবার মানুষকে কাজ আর ব্যস্ততা জাপটে ধরতে চায়। ঠিক এইসময় বাংলার দুই শহরে সাজো সাজো রব। দুই শহরের অন্যতম বৃহৎ উৎসব জগদ্ধাত্রী পুজো। জলঙ্গী নদীর তীরে অবস্থিত নদিয়ার কৃষ্ণনগরে যে পুজোর সূচনা, সেই পুজোর ঐতিহ্য বয়ে হুগলি নদীর তীরে অবস্থিত চন্দননগরে এসে পৌঁছায়।

ইতিহাস

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর শুরু কীভাবে হল তা নিয়ে নানা মত রয়েছে। দেবী দূর্গার অপর রূপ জগদ্ধাত্রী। শাস্ত্র মতে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো করা হয়। এই দেবীর উল্লেখ রয়েছে বিভিন্ন প্রাচীন তন্ত্রে। সিংহের উপর বসা দেবীমূর্তি অর্থাৎ জগদ্ধাত্রী প্রতিমা দেশের বিভিন্ন সংগ্রহশালায় রাখা রয়েছে।  যা দেখে গবেযকদের অনুমান পাল সেন যুগেও এই দেবীর পুজোর প্রচলন ছিল। 

কৃতজ্ঞতা স্বীকার : Google

পরবর্তীকালে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় সাড়ম্বরে এই পুজোর প্রচলন করেন। সেই নিয়েও বেশ কয়েকটি কাহিনি রয়েছে যা আগের পর্বে আলোচনা করা হয়েছে। এই পর্বে চন্দননগরের পুজোর ইতিহাস, বৈশিষ্ট্য, পুজোর ধরন নিয়ে কথা হবে। 

চন্দননগরে কীভাবে শুরু হল জগদ্ধাত্রী পুজো?

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর কীভাবে শুরু হয়, তা নিয়ে মতান্তর রয়েছে। 

ইন্দ্রনারায়ণ চৌধুরী হাতেই চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা

একটা কাহিনিতে বলা হয়, চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর শুভারম্ভ করেন স্থানীয় দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী। প্রচলিত রয়েছে কৃষ্ণনগরের রাজবাড়ির দেবী জগদ্ধাত্রীর আরাধনা দেখে মুগ্ধ হন তিনি। পরবর্তীকালে নিজের শহরেও এই পুজোর আয়োজন করেন।

ইন্দ্রনারায়ণ চৌধুরী ছিলেন ফরাসি সরকারের দেওয়ান। লোকমুখে শোনা যায়, তাঁর সঙ্গে নদিয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বন্ধুত্ব ও যোগাযোগ ছিল। বেশিরভাগ মনে করেন, ইন্দ্রনারায়ণের হাত ধরেই কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো চন্দননগরে প্রবেশ করেছিল। কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে যে বছর পুজো দেখেন, তার পরের বছরই চন্দননগরে পুজোর আরম্ভ করেন। 

দাতারাম শূর ও তেতুঁলতলায় পুজো 

অপর একটি কাহিনি বলে, চন্দননগরে জলঙ্গী নদীর পাড়ে প্রথম পুজোর আয়োজন করা হয়। প্রায়  ১৭৬২ সালে, ভদ্রেশ্বরের তেঁতুলতলায় জগদ্ধাত্রী পুজো করেন কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম শূরের বিধবা কন্যা। এমনকি বলা হয় সেই পুজোয় অর্থ অনুদানও করতেন স্বয়ং কৃষ্ণচন্দ্র রায়। ভদ্রেশ্বরের গৌরহাটি অঞ্চলে দাতারামের বাড়ি ছিল। পরে শিবতলা অঞ্চলে এই পুজো স্থানান্তরিত করা হয়। আর্থিক কারণে এই পুজো বন্ধ হতে বসে তখন গৌরহাটি এলাকার স্থানীয় মানুষরা পুজো পালন করার দায়িত্ব গ্রহণ করে। 

চাল ব্যবসায়ীদের হাতে পুজো 

সেইসময় চন্দননগরের নাম ছিল ফরাসডাঙা।  চন্দননগর ও কৃষ্ণনগরের মধ্যে বহুদিনের বাণিজ্যিক যোগাযোগ ছিল। আরও এক কাহিনি অনুযায়ী, কৃষ্ণনগরের চাল ব্যবসায়ীরা জগদ্ধাত্রী পুজোয় নির্দিষ্ট সময় চাল কিনে ফিরতে না পারায়, সেইসময় ফরাসি সরকারের অনুমতি নিয়ে চন্দননগরের চাউলপট্টিতে জগদ্ধাত্রী পুজোর শুরু করে। পরে এই পুজোর দায়িত্ব নেয় চন্দননগরের চাল ব্যবসায়ীরা।

তবে কৃষ্ণনগরে পুজো জগদ্ধাত্রী মায়ের পুজো একদিনে হলেও, চন্দননগরে চারদিন ধরে পুজো হয়। বিশাল প্রতিমা, আলোকসজ্জা সব মিলিয়ে চন্দননগরে খুব জাঁকজমকপূর্ণভাবে জগদ্ধাত্রী পুজো করা হয়। চারদিন ধরে এই পুজো উদযাপন চোখে পড়ার মতো। লক্ষ্মীগঞ্জ কাপড়পট্টির জগদ্ধাত্রী পুজোর শুরু হয়। পরে একে একে চন্দননগরের আরও অন্যান্য জায়গায়ও পুজো শুরু হয়।

কৃতজ্ঞতা স্বীকার : Google

চন্দননগরে আলোকসজ্জা জগদ্ধাত্রী পুজোর মূল আকর্ষণ 

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মূল আকর্ষণ হল আলোকসজ্জা। কয়েক শতাব্দীর ঐতিহ্য, বিশাল আকারের প্রতিমা, ডাকের সাজ, আলোকসজ্জা সবকিছু মিলিয়ে বর্তমানে এক বড় শিল্পে পরিণত হয়েছে। ফরাসি শাসনকালে ডে লাইট, গ্যাস লাইটের ব্যবহার করা হত জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে। সেইসময় টর্চের টুনি অর্থাৎ ৬.২ টুনি বাল্বের ব্যবহার করা হত। যুগের সঙ্গে তাল মিলিয়ে এল টিউবলাইট, তারপর এল উন্নতমানের এলইডি আলোর যুগ। পরবর্তীকালে  চন্দননগরের আলোকসজ্জা আমেরিকা, লন্ডন-সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসা লাভ করেছে।   

ঐতিহ্যের সঙ্গে আবেগের আত্মিক সম্পর্ক

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সঙ্গে স্থানীয় মানুষের আত্মিক সম্পর্ক অত্যন্ত গভীর। এই উৎসবকে ঘিরে তাঁদের আবেগ, নিষ্ঠা ও উন্মাদনা কয়েক শতাব্দী ধরে বহমান। ১৯৫২ সালের পর ফরাসি শাসনের অবসান এবং ভারতের সঙ্গে সংযুক্তির পর চন্দননগরের ভবিষ্যৎ নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। স্বাধীন ভারতের বুকে একটি ছোট শহর হিসেবে চন্দননগর হয়তো ধীরে ধীরে তার স্বতন্ত্র পরিচয় হারিয়ে ফেলবে, এমন আশঙ্কাও ছিল। কিন্তু তাঁরা মানুষের আবেগের শক্তিকে যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি।

নিজস্ব ঐতিহ্যের প্রতি গভীর ভালোবাসা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করে চলা সাংস্কৃতিক উত্তরাধিকারই চন্দননগরকে বিস্মৃতির অতলে হারিয়ে যেতে দেয়নি। বরং এই আবেগের হাত ধরেই শহরটি নিজের জন্য তৈরি করেছে এক নতুন পরিচিতি। চন্দননগর বিশ্বের দরবারে নিজের স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠা করেছে দুটি বিশেষ ঐতিহ্যের মাধ্যমে,জগদ্ধাত্রী পুজোর বিখ্যাত আলোকসজ্জা এবং এখানকার সুস্বাদু মিষ্টি।

ভারতের বাকি অংশ যখন ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করেছিল, তখনও চন্দননগর ফরাসি শাসনের অধীনে ছিল। পরবর্তীকালে ১৯৫০ সালের ২ মে ভারত ও ফ্রান্সের মধ্যে ‘ডি ফ্যাক্টো ট্রান্সফার’ বা কার্যত ক্ষমতা হস্তান্তরের চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর ১৯৫১ সালের ২ ফেব্রুয়ারি দুই দেশের সরকারের মধ্যে ‘ডি জ্যুরে ট্রান্সফার’ বা আইনগত ক্ষমতা হস্তান্তরের চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৫২ সালের ১১ এপ্রিল ফরাসি ন্যাশনাল কাউন্সিল সেই চুক্তি অনুমোদন করে। অবশেষে ১৯৫৪ সালের ২৯ সেপ্টেম্বর সংযুক্তিকরণ চুক্তি অনুমোদিত হয় এবং ওই বছরের ২ অক্টোবর চন্দননগর আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়।

কৃতজ্ঞতা স্বীকার : Google

চন্দননগরে বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজো-

সুভাষপল্লি সর্বজনীন জগদ্ধাত্রী পুজো– চন্দননগর স্টেশন থেকে মাত্র দুই মিনিটের হাঁটলেই এই প্যান্ডেলটি যাওয়া যায়। 

সার্কাস মাঠ সার্বজনীন- চন্দননগরের অন্যতম জনপ্রিয় পুজোগুলির মধ্যে একটি সার্কাস মাঠের পুজো। প্রায় ৫৬ বছর ধরে এই পুজো হয়ে আসছে।

পালপাড়া সর্বজনীন- এই পুজোর আলোকসজ্জা ও প্রতিমার রূপ দীর্ঘদিন ধরে মানুষকে মুগ্ধ করে আসছে।  এই পুজো প্রায় ৮৩ বছর ধরে ঐতিহ্য বহন করে আসছে। 

তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো- হুগলি জেলার সবথেকে পুরনো জগদ্ধাত্রী পুজো। তেঁতুলতলায় দেবী জগদ্ধাত্রী ধরা দেয় ডাকের সাজে ও শ্বেতশুভ্র বেশে। 

চন্দননগর হেলাপুকুর সর্বজনীন- আরও একটি জনপ্রিয় পুজো। এই পুজো প্রায় ৫৭ বছরে পূর্ণ করতে চলেছে। 

বাগবাজার সর্বজনীন

চন্দননগরের অত্যন্ত পুরনো পুজোগুলির মধ্যে এটি একটি মাইলফলক। এই ঐতিহ্যবাহী পুজোটি গত বছর তার ২০০ বছর পূর্ণ করেছে। 

অম্বিকা অ্যাথলেটিক ক্লাব

মানকুণ্ডু স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত এই পুজোটি এই বছর ৫৭ বছর পূর্ণ করবে। 

বোড় তালডাঙা পুজো

থিম পুজোর রমারমার মধ্যে নিজস্বতা ধরে রেখেছে এই পুজো। প্রতিবছরই ডাকের সাজে সেজে ওঠে মা হৈমন্তিকা।বাগবাজার সর্বজনীন থেকে পায়ে হাঁটা দূরত্বে পৌঁছনো যাবে এই পুজোয়। 

 চাউলপট্টি সর্বজনীন

এটি শুধু একটি পুজো নয়, একটি আস্থার কেন্দ্র। এখানে দেবী জগদ্ধাত্রী নন, তিনি ‘আদি মা’ নামে পূজিতা। কথিত আছে, দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী নিজে এখানে পুজো শুরু করেছিলেন।Raise Your Concern About this Content

হোটেল ও বুকিং

কৃতজ্ঞতা স্বীকার : Google

জগদ্ধাত্রী পুজো দেখতে চন্দননগর গেলে থাকার জায়গা আগে থেকে বুক করে রাখা ভালো। পুজোর সময় প্রচুর ভিড় হয় এবং চন্দননগরে থাকার জায়গার সংখ্যাও তুলনামূলকভাবে কম। ১৫০০ থেকে ৩০০০ টাকা হোটেল ভাড়া। জগদ্ধাত্রী পুজোর সময় হোটেল ভাড়া কিছুটা বেশি থাকে। অবশ্যই আগে থেকে বুক করে যাবেন। স্ট্যান্ডরোডের কাছে অবস্থিত আমবের হোমস্টে। যোগাযোগ নম্বর ৯০৫১৪৫৮৫২৬। হোটেল হিবিসকাস  মানকুণ্ডু স্টেশন থেকে পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত। 

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি শহরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও আবেগের প্রতিচ্ছবি। ফরাসি উপনিবেশের স্মৃতি থেকে শুরু করে আলোকশিল্পের বিশ্বজোড়া পরিচিতি,  সবকিছুর মধ্যেই জড়িয়ে রয়েছে চন্দননগরের স্বতন্ত্র সত্তা। 

কলকাতা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত এই আপাতনিরীহ মফস্‌সল শহর পাঁচ দিন ধরে উৎসবের আলোয় সেজে ওঠে। জগদ্ধাত্রী পুজোর জাঁকজমক, আলোকসজ্জা ও জনসমাগমের কাছে আগে কলকাতার দুর্গাপুজোর জৌলুসও যেন কিছুটা ম্লান হয়ে যেত। 

সময়ের সঙ্গে পুজোর আয়োজন, মণ্ডপসজ্জা ও আলোকসজ্জায় আধুনিকতার ছোঁয়া লাগলেও তার মূল ঐতিহ্য আজও অমলিন। প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থানীয় মানুষের নিষ্ঠা, ভালোবাসা ও অংশগ্রহণ এই উৎসবকে বাঁচিয়ে রেখেছে। তাই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কেবল কয়েক দিনের উৎসব নয়, বরং বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এমন এক উজ্জ্বল অধ্যায়, যা আলোয় আলোয় নিজের ইতিহাস ও পরিচয়কে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে যাবে।

তথ্যসূত্র- 

১. চন্দননগরের জগদ্ধাত্রী পুজো: ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়
২. বাংলায় জগদ্ধাত্রী পুজোর ইতিহাস: উৎপত্তি, প্রচলন ও ঐতিহ্যের বিবর্তন
৩. চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এত বিখ্যাত কেন? ইতিহাস ও জনপ্রিয়তার নেপথ্যে
৪. চন্দননগরের ১৩টি জগদ্ধাত্রী পুজো ঘিরে বিশেষ আকর্ষণ ও উৎসবের উন্মাদনা
৫. কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো: ঐতিহ্য, আবেগ ও সাংস্কৃতিক ইতিহাস
৬. কৃষ্ণনগরের সেরা জগদ্ধাত্রী পুজো ২০২৫: প্রতিমা ও মণ্ডপের ফটো গ্যালারি
৭. কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো: রাজকীয় ঐতিহ্য ও বিশেষ রীতিনীতি
৮. চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমা ২০২৪: বিখ্যাত পুজোমণ্ডপ ঘুরে দেখার সম্পূর্ণ রুটম্যাপ
৯. চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এত জনপ্রিয় কেন? ইতিহাস ও উৎসবের বিশেষত্ব

JAGADHATRI PUJA 2026

কৃষ্ণনগরের মাটিতেই জগদ্ধাত্রী পুজোর প্রবর্তন……

Author

- বিজ্ঞাপন -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বাংলা ক্যালেন্ডার

- বিজ্ঞাপন -spot_img

Most Popular

Recent Comments