Homeজীবনশৈলীসবই কি এখন ‘একলা চলো’?

সবই কি এখন ‘একলা চলো’?

যৌথ পরিবার থেকে একক পরিবার বদলে যাচ্ছে পারিবারিক বন্ধনের সংজ্ঞা!

বাড়ির উঠোনে খেলে বেড়ানো, ঠাকুমার কাছে লোডশেডিং-এ মধ্যে গল্প শোনা, দুপুরে একসঙ্গে বসে খাওয়া-দাওয়া, দাদুর সঙ্গে বাজারে যাওয়া সবকিছুর মধ্যে লুকিয়ে ছিল আলাদা উষ্ণতা। পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেওয়াই যৌথ পরিবারের প্রধান বৈশিষ্ট্য। কিন্তু বর্তমানে যৌথ পরিবারের সংখ্যা ক্রমশ কমছে। সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে হঠাৎ যৌথ পরিবারগুলোর ছন্দপতন হল কেন, তা  কি আমরা কখনও ভেবে দেখেছি। 

কৃতজ্ঞতা স্বীকার : Google

যৌথ পরিবার কী?

যৌথ পরিবার হল এমন এক ধরনের পারিবারিক কাঠামো, যা একক পরিবারের পরিধির বাইরে বিস্তৃত। এই পরিবারে সাধারণত একাধিক প্রজন্মের সদস্যরা একসঙ্গে বসবাস করেন। সন্তান, বাবা-মা, ঠাকুরদা-ঠাকুমা বা দাদু-দিদা একসঙ্গে থাাকেন। এছাড়াও পরিবারের সদস্য হিসেবে কাকা-কাকিমা, পিসি, মামা-মামি, ভাই-বোন এবং খুড়তুতো, পিসতুতো বা মামাতো ভাই-বোনেরাও থাকতে পারেন। যৌথ পরিবারের প্রধান বৈশিষ্ট্য হল, পরিবারের এই সমস্ত সদস্য একই ছাদের তলায় বসবাস করেন। সাধারণত সন্তানরা, বিশেষত ছেলে বা মেয়েরা, বিয়ের পর বাবা-মায়ের বাড়ি ছেড়ে আলাদা সংসার না পেতে তাঁদের জীবনসঙ্গীকে নিয়ে পৈতৃক বাড়িতেই থেকে গেলে যৌথ পরিবারের কাঠামো গড়ে ওঠে। একটি প্রচলিত যৌথ পরিবারে পরিবারের বয়োজ্যেষ্ঠ পুরুষ ও তাঁর স্ত্রী, তাঁদের ছেলেরা, ছেলেদের স্ত্রী ও সন্তান এবং অবিবাহিত সন্তানরা একসঙ্গে বসবাস করতে পারেন।

যৌথ পরিবার ও একক পরিবারের মধ্যে পার্থক্য….

একসময় ছিল যখন দেশে যৌথভাবে বসবাস করত অধিকাংশ পরিবার। সেই চেনা ছবি ক্রমশ বদলে যাচ্ছে। আজকাল একক পরিবারের সংখ্যা বাড়ছে। এই পরিবর্তনের পিছনে রয়েছে অর্থনৈতিক চাপ, পারিবারিক মতভেদ, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য। একসঙ্গে থাকার ফলে দ্বন্দ্ব এড়াতেও আলাদা থাকার সিদ্ধান্ত নিচ্ছে অনেক পরিবার। 

কৃতজ্ঞতা স্বীকার : Google

যৌথ পরিবার ভেঙে যাওয়ার ফলে অনেকক্ষেত্রে বদলে যাচ্ছে সমাজের পরিকাঠামো। কমে যাচ্ছে একে অপরকে সাহায্য করার প্রবণতা। সেক্ষেত্রে সবথেকে বেশি প্রভাব পড়ছে শৈশবে আর বৃদ্ধ বয়সে। আগে সবার মধ্যে বড় হওয়ার কারণে শিশুদের মনে একাকিত্ব বাসা বাঁধতে পারতো না, ছোট থেকে একটা শিশু শিখত সহনশীলতার পাঠ। গড়ে উঠত মূল্যবোধ, জীবনের চড়াই-উতরাই পেরিয়ে সাফল্যের শীর্ষে  পৌঁছানোও সেই মূল্যবোধের জোরে খানিকটা সহজ হয়ে উঠত। আজকাল একক পরিবারে বেড়ে ওঠার ফলে তারা হয়ে উঠছে আত্মকেন্দ্রিক। কিছু ক্ষেত্রে হয়ে উঠছে স্বার্থপর। বৃদ্ধ বয়সে অনেকে অবহেলার শিকার হচ্ছেন। যৌথ পরিবারে বয়স্ক মানুষরা কখনোই একাকিত্ব অনুভব করেনা। কারণ তাঁর সঙ্গে সময় কাটানোর জন্য কেউ না কেউ সবসময় উপস্থিত থাকে।

একক পরিবার ও যৌথ পরিবারের মধ্যে পরিবারের আকার, কর্তৃত্ব, অর্থনৈতিক সংগঠন, ব্যক্তিগত স্বাধীনতা, বয়স্কদের যত্ন, নারীদের অবস্থান এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। শহরাঞ্চলে এবং কর্মসূত্রে অন্যত্র বসবাসকারী মানুষের মধ্যে একক পরিবারের প্রবণতা বেশি। এই ধরনের পরিবারে ব্যক্তিগত পরিসর, স্বাধীনতা এবং নিজস্ব পছন্দ অনুযায়ী জীবনযাপনের সুযোগ তুলনামূলকভাবে বেশি থাকে। অন্যদিকে, যৌথ পরিবারে অর্থনৈতিক নিরাপত্তা, পারস্পরিক সহযোগিতা এবং আত্মীয়স্বজনের কাছ থেকে সহায়তা পাওয়ার সুযোগ বেশি থাকলেও ব্যক্তিগত স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের পরিসর কিছুটা সীমিত হতে পারে। তবে ভারতীয় সমাজে একক পরিবার ও যৌথ পরিবারকে সম্পূর্ণ বিপরীত দুটি ব্যবস্থা হিসেবে দেখা যায় না। কারণ, অনেক একক পরিবার আলাদা বসবাস করলেও অর্থনৈতিক সহায়তা, পারিবারিক যত্ন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে আত্মীয়স্বজনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখে। এমনকী, একটি পরিবার তার জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে একক পরিবার থেকে যৌথ পরিবারে কিংবা যৌথ পরিবার থেকে একক পরিবারে রূপান্তরিত হতে পারে।

যৌথ বা একান্নবর্তী পরিবারের সুবিধা 

যৌথভাবে সমস্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে যৌথ পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যসংখ্যা বেশি হওয়ায় একাধিক প্রাপ্তবয়স্ক ব্যক্তি উপার্জনের সঙ্গে যুক্ত থাকতে পারেন। ফলে সংসারের আর্থিক দায়িত্ব বা উপার্জনের সম্পূর্ণ দায়িত্ব কোনও একজনের কাঁধে এসে পড়ে না। পাশাপাশি, রান্নাবান্না থেকে শুরু করে সন্তানদের লালন-পালন, সংসারের যাবতীয় কাজ পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারেন। ছোট থেকে শিশুরা অনেক মানুষের মাঝে বড় হয় এবং একাধিক সদস্যের সান্নিধ্য পায়। এর ফলে তারা বড়দের কাছ থেকে স্নেহ, যত্ন, অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় শিক্ষা অর্জন করার সুযোগ পায়।  প্রবীণরাও সবসময় কারও না কারও নজরদারিতে থাকেন। ফলে তাঁরাও অবহেলার শিকার হন না। একে অপরের বিপদের পাশে দাঁড়ানোর মতো লোকও উপস্থিত থাকে। 

একসাথে থাকার কিছু অসুবিধাও রয়েছে

একসাথে থাকার কিছু সমস্যাও রয়েছে। কোনও সিদ্ধান্ত গ্রহণে মতপার্থক্য পরিবারের সদস্যদের মধ্যে মনমালিন্য ও সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। বিশেষত পরিবারের মহিলাদের উপর বাড়ির অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে, যা তাঁদের ভবিষ্য়ৎ স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়।

কৃতজ্ঞতা স্বীকার : Google

একক পরিবার কি শুধুই পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব?

দেশে একক পরিবারকে বেশিরভাগ ক্ষেত্রেই পাশ্চাত্যকরণের ফল হিসেবে ধরা হয়। কিন্তু এই ধারণা সম্পূর্ণ সঠিক নয়। আমাদের ভারতবর্ষে একান্নবর্তী পরিবারের পাশাপাশি একক পরিবারের অস্তিত্ব ছিল। কোনও পরিবারের কর্তার মৃত্যুর পর অনেকসময় দেখা যেত সেই পরিবার ভেঙে অনেকগুলি একক পরিবারে পরিণত হয়েছে। সেটা কয়েক যুগ আগেও লক্ষ্য করা যেত। এমনটা নয় যে পাশ্চাত্য সংস্কৃতি-জীবনযাত্রার প্রভাব পড়ায় হঠাৎ করে এই ধারণার জন্ম হয়েছে।হঠাৎ করে একক পরিবারের ধারণা চলে এসেছে। তবে বর্তমান সময় দাঁড়িয়ে একক পরিবার গঠনের প্রবণতা বেড়ে যাচ্ছে।

২০১১ সালের ভারতের জনগণনা অনুযায়ী, সারা দেশে মোট পরিবারের প্রায় ৭০ শতাংশই ছিল একক পরিবার। অন্যদিকে, যৌথ ও বর্ধিত পরিবার মিলিয়ে এই অনুপাত ছিল মাত্র প্রায় ২০ শতাংশ। শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা ও অনুপাত আরও বেশি। এই পরিসংখ্যানের মধ্য দিয়ে কয়েক দশকের অভিবাসন, অর্থনৈতিক পরিবর্তন এবং সামাজিক মূল্যবোধের রূপান্তরের প্রতিফলন স্পষ্ট হয়ে ওঠে।

যৌথ পরিবারের চেনা ছবি বদলে যাওয়ার নেপথ্যে রয়েছে কোন কারণ?

কর্মসংস্থানের প্রয়োজনে 

ক্রমশ যৌথ পরিবারের সংখ্যা ক্রমশই কমছে। এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ। অনেকক্ষেত্রে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবেও প্রভাব পড়েছে। সবথেকে বড় বিষয় অর্থনৈতিক স্বাধীনতা। বেশিরভাগক্ষেত্রে কর্মসংস্থানের বা চাকরির জন্য মানুষকে বাধ্য হয়ে জন্মস্থান ছেড়ে অন্যত্র চলে যেতে হয়। উচ্চশিক্ষা, চাকরি-ব্যবসার প্রয়োজনে বহু মানুষ অন্য রাজ্যে বা অন্য শহরে গিয়ে বসবাস করে। ফলে একই পরিবারের সকল সদস্যের আর একই ছাদের তলায় থাকা হয় না। Raise Your Concern About this Content

অর্থনৈতিক প্রভাব

বড় পরিবারে থাকা অনেকসময়  ব্যয়বহুল। তাই দৈনন্দিন খরচের কথা মাথায় রেখে অনেকেই ছোট পরিবারে থাকতে স্বচ্ছন্দ্য বোধ করেন। তাছাড়াও ফ্ল্যাটকেন্দ্রিক জীবনযাত্রা পরিবারের আকার ছোট করতে গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করেছে। আগে এক বাড়িতে যেখানে ১০-১২ জন থাকতে পারত, সেখানে এখন দুই-তিন কামরার ফ্ল্যাটে মানিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়ে।  

কৃতজ্ঞতা স্বীকার : Google

নারীদের ব্যক্তিস্বাধীনতা 

একটা সময় পর্যন্ত সাধারণ বাঙালি তথা ভারতীয় পরিবারগুলোতে নারীরা খুব একটা কর্মজগতের সঙ্গে যুক্ত ছিল না। ফলে তাঁরা বাড়ির সমস্ত দায়িত্ব সামলাতে পারতেন। কিন্তু বর্তমানে প্রত্যেক নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণ, স্বাধীনচেতা মনোভাব, জীবনযাপনের ক্ষেত্রে নিজস্ব পছন্দ-অপন্দের দিকে নজর রাখা ইত্যাদি সবকিছুই পারিবারিক কাঠামোতে পরিবর্তন নিয়ে এসেছে। 

আগে নারীর যে বাড়িতে বিয়ে হত, নিজের বা ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেই বাড়ির অনুমতি নেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু আজ প্রত্যেক নারী  আত্মনির্ভর, ফলে সবসময় পরিবারের মন জুগিয়ে চলা সমস্যা সৃষ্টি করে। তাই নিজের মতো বাঁচতে অনেক দম্পতি আলাদা করে সংসার গুছিয়ে নিতে চান।  

একক পরিবারে স্বাধীনতা

একক পরিবারের ক্ষেত্রে সবথেকে বড় সুবিধা হল ব্যক্তিগত স্বাধীনতা। স্বামী-স্ত্রী নিজেদের পছন্দ, ইচ্ছে, প্রয়োজন উপর নির্ভর করে সংসার চালাতে পারবেন। পরিবারের সকল সদস্যের অনুমতির প্রয়োজন পড়ে না, ফলে অনেকক্ষেত্রে সিদ্ধান্ত নিতেও সহজ হয়। 

পাল্টে যাচ্ছে সম্পর্কের সংজ্ঞা, বদলে যাচ্ছে ‘পারিবারিক বন্ধন’-এর সংজ্ঞা

পাল্টে যাচ্ছে সম্পর্কের সংজ্ঞা, বদলে যাচ্ছে ‘পারিবারিক বন্ধন’-এর সংজ্ঞা তবে এখন যৌথ বা একান্নবর্তী পরিবারের ধারণা অনেকটা বদলে গিয়েছে। একই ছাদের তলায় পরিবারের সকল সদস্য না থাকলেও, তারা নিয়মিত যোগাযোগ রাখেন। কোনও অনুষ্ঠান বা উৎসবের সঙ্গে একসঙ্গে উদযাপন করেন। যদি কর্মসূত্রে সন্তানরা বাইরে থাকেন, সেক্ষেত্রে উৎসব বা পারিবারিক অনুষ্ঠানে তাঁরা বাড়ি ফিরে আসেন। একে অপরের বিপদে পাশে দাঁড়ান। একই ছাদের নীচে না থাকলেও, পারিবারিক সম্পর্কের গুরুত্ব কমেনি।

প্রযুক্তিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভিডিও কল, পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপ, কিংবা অনলাইন যোগাযোগের মাধ্যমে পরস্পরের থেকে দূরে থেকেও পরিবারের সকলে একে অপরের জীবনের সঙ্গে যুক্ত থাকতে পারছেন।

নতুন পারিবারিক কাঠামো 

বর্তমানে এক নতুন পারিবারিক কাঠামোর সঙ্গে পরিচয় হচ্ছে। যেখানে আলাদা বাড়িতে থেকেও পরিবারের সকলে আর্থিক, সামাজিক, এবং মানসিকভাবে একে অপরের উপর নির্ভরশীল। প্রয়োজনে সন্তানদের দেখাশোনা করতে দাদু-ঠাকুমা কিছুদিনের জন্য এসে থাকছেন, আবার বয়স্ক বাবা-মায়ের পাশে থাকতে সন্তানরা নিয়মিত যাতায়াত করছেন। এই ব্যবস্থাকে এক অর্থে পরিবর্তিত যৌথ পরিবারের রূপও বলা যায়।

তথ্যসূত্র-

১. একক পরিবার ও যৌথ পরিবারের মধ্যে পার্থক্য
২. ভারতীয় সমাজে যৌথ ও একক পরিবার: একটি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ
৩. মোহনা টিভি – জাতীয় সংবাদ প্রতিবেদন
৪. একান্নবর্তী ও যৌথ পরিবারের ধারণা এবং পার্থক্য
৫. যৌথ পরিবারে ভাঙনের সামাজিক ও অর্থনৈতিক কারণ
৬. কেন বিলুপ্তির পথে যৌথ পরিবার?
৭. যৌথ ও একক পরিবার: গঠন, বৈশিষ্ট্য ও তুলনামূলক আলোচনা
৮. যৌথ ও একক পরিবারের জীবনযাত্রার মান: একটি গবেষণাভিত্তিক বিশ্লেষণ

Author

- বিজ্ঞাপন -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বাংলা ক্যালেন্ডার

- বিজ্ঞাপন -spot_img

Most Popular

Recent Comments