ছট পুজোয় আসলে কার আরাধনা করা হয়?
কথায় আছে না বারো মাসে তেরো পার্বণ। ভারতের মতো দেশে এই কথা খুবই প্রযোজ্য। বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা উৎসব নিয়ে এসেছে নতুন বৈচিত্র্য। ছট পুজো এর ব্যতিক্রম নয়। হিন্দু বর্ষপঞ্জীর কার্তিক মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে ছট পালন করা হয়। ছট শব্দের অর্থ ষষ্ঠ। এই দিনেই ষষ্ঠী দেবীর আরাধনা করা হয়ে থাকে। এই প্রাচীন হিন্দু পার্বণ বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলেও পালন করা হয়ে থাকে।
ষষ্ঠী নামের অপভ্রংশ আসলে ছট। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে চার দিনের এই ব্রতের শুরু হয়। এই পুজোর প্রধান আরাধ্য দেবতা সূর্য। পুজোর দিন সূর্যদেব ও তাঁর পত্নী ঊষাদেবী অর্থাৎ ছটী মাঈ-এর আরাধনা করা হয়। তাই এটি সূর্য ষষ্ঠী নামেও পরিচিত। পৃথিবীতে জীবনের স্রোত বয়ে নিয়ে চলার জন্য তাঁদের প্রতি ধন্যবাদ ও শ্রদ্ধা-ভক্তি জ্ঞাপন করা হয়। পড়ন্ত বিকেলে অস্তগামী সূর্যের উদ্দেশে অঞ্জলি। চারপাশে জ্বলছে মোমবাতি, ধূপে গন্ধে ম ম করছে।
ছটপুজোর উৎপত্তি
ছট পুজোর উৎপত্তি নিয়ে কোনও সুস্পষ্ট ধারণা আজ পর্যন্ত মেলেনি। রামায়ণ, মহাভারতের পাতায় লুকিয়ে রয়েছে এর ইতিহাস। ছট পুজোর উৎপত্তি নিয়ে কোনও সুস্পষ্ট ধারণা আজ পর্যন্ত মেলেনি। রামায়ণ, মহাভারতের পাতায় লুকিয়ে রয়েছে এর ইতিহাস। পৌরাণিক আখ্যানেও ছট পুজোর নীতি নিয়মের কিছু উল্লেখ পাওয়া যায়। ঋক বেদে সূর্য্যবন্দনার উল্লেখ রয়েছে। ভারতীয় সভ্যতার পাশাপাশি গ্রীক, রোমান ও মিশরীয় সভ্যতাতেও সূর্যকে দেবতার জায়গা দেওয়া হয়। অন্যদিকে অগ্নি, সোম এবং ইন্দ্রদেবের পর বৈদিক দেবী হিসেবে উষাকেও পুজো করা হয়।

রামায়ণের যোগসূত্র
১৪ বছর বনবাস কাটানোর পর অযোধ্যায় ফিরে আসেন রামচন্দ্র। কথিত আছে, রাম ছিলেন সূর্যের বংশধর। অযোধ্যায় ফেরার পর সূর্যদেবের তপস্যায় নির্জলা উপবাস রাখেন রামচন্দ্র এবং সীতা দেবী। পরদিন ভোরবেলা তাঁরা উপবাস ভঙ্গ করেন। পরবর্তীকালে এই উপবাস প্রথা ছটপুজো হিসেবে পরিচিতি লাভ করে।
মহাভারতের পাতায় উল্লেখ
কোনও কোনও ঐতিহাসিক মনে করেন এই পুজোর উৎপত্তির সঙ্গে যোগসূত্র রয়েছে মহাভারতের। জনশ্রুতি অনুযায়ী মহাভারতের অন্যতম চরিত্র কর্ণ। যিনি সূর্যদেব ও কুন্তীর পুত্র। এই কর্ণ একবুক জলে দাঁড়িয়ে সূর্যদেবের আরাধনা করেছিলেন। প্রার্থনা শেষ করে গরিবদের মধ্যে প্রসাদ বিতরণ করেন। পরবর্তীকালে এভাবেই ছটপুজোর প্রচলন হয়। তাই এখনও ছটপুজোর দিন একবুক পর্যন্ত জলে নেমে সূর্যদেবের উপাসনা করতে হয়।
আরও একটি কাহিনি অনুসারে, কৌরবদের কবল থেকে হারানো রাজ্য ফিরে পেতে সূর্যের উপাসনা করেন দ্রৌপদীও।
অপর একটি মতে, বনবাসে প্রবল অন্নকষ্টে কাটাচ্ছিলেন পাণ্ডবরা। সেই সময় রাজপুরোহিত ধৌম্যের পরামর্শে চার দিনের সূর্য আরাধনা করেছিলেন যুধিষ্ঠির। সূর্যদেব সন্তুষ্ট হয়ে তাঁদের দিব্য পাত্র দান করেন। লোকমুখে প্রচলিত রয়েছে, দ্রৌপদীর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সেই পাত্রের খাবার নাকি ফুরিয়ে যেত না।
পুত্র প্রাপ্তির জন্য ছট পুজো
পৌরাণিক কাহিনি অনুসারে পুত্রপ্রাপ্তির জন্য সরস্বতী নদীর তীরে সূর্য উপাসনা এবং ব্রত পালন করেছিলেন পাণ্ডু ঋষি ও তাঁর পত্নী কুন্তী। পুরাণ মতে প্রথম মনু প্রিয়বতর কোনও সন্তান ছিল না। প্রিয়বতর বাবা কাশ্যপ মুনি পুত্রেষ্ঠী ষজ্ঞ করার পরামর্শ দেন। পরে প্রিয়বতর পত্নী মালিনী একটি মৃত পুত্র সন্তানের জন্ম দেন। ফলে প্রিয়বত ও মালিনী দুজনেই শোকে বিহ্বল হয়ে পড়েন, ঠিক তখনই আকাশ থেকে দিব্য কন্যা উদয় হন। যিনি নিজেকে ব্রক্ষার মানস পুত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন। মালিনীর মৃত পুত্রকে স্পর্শ করতেই সে জীবন ফিরে পায়। বলা হয় উষা দেবী অর্থাৎ ছটি মায়ের কাছে পুত্র পাওয়ার আশায় উপাসনা করেন।

ছট পুজোর আচার ও রীতিনীতি
‘নাহায়-খায়ে’
চার দিন ধরে ছট পুজোর আচার-অনুষ্ঠান পালন করা হয়। পুজো শুরুর আগে আশেপাশে রাস্তাঘাট. বাড়ি পরিষ্কার করা হয়। ছটের প্রথম দিন ‘নাহায়-খায়ে’ অর্থাৎ স্নান-খাওয়া নামে পরিচিত। যে ছট পুজোর উপাসনা করবেন তাঁর এইদিন শুদ্ধিকরণ করা হয়। এই দিন ভোরবেলা স্নান করে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। ভাত, ডাল, মরসুমি সবজি খাওয়া যায়। লাউ আর ছোলাশাক খাওয়া হয়। যিনি উপবাস করবেন তার পাতের খাবার প্রসাদ হিসেবে গ্রহণ করে পরিবারের অন্যান্য সদস্যরা। গম ধুয়ে সেই গম দিয়ে প্রসাদ সূর্যদেবকে উৎসর্গ করতে হয়। গম শুকোতে দেওয়ার সময় লক্ষ্য রাখতে হয় যাতে কোনও ময়লা বা ধুলো না পড়ে। সেই বিশুদ্ধ গগমের আটা দিয়ে রুটি, পুরি আর নানা রকম মিষ্টি তৈরি করা হয়।
‘খারনা’
দ্বিতীয় দিনটিকে বলা হয়ে থাকে, ‘খারনা’। এই দিনে যিনি উপবাস করছেন তাঁকে নির্জলা থাকতে হয়। নিজে অনাহারে থেকেই তাকে বাড়ির বাকি সদস্যদের জন্য খাবার তৈরি করতে হয়। দুধ, চিনি আর চাল দিয়ে তৈরি একপ্রকারের পায়েস যা ‘তাসমাই’ নামে পরিচিত, এই খাবারের অন্যতম বৈশিষ্ট্য এতে এক বিন্দু জলও মেশানো হয় না। সন্ধ্যাবেলায় রান্না করার পর সেই প্রসাদ দেবতা ও কূলদেবতাকে উৎসর্গ করা হয়। কলাপাতায় পরিবেশন করা হয়। সেই প্রসাদ যিনি উপবাস করছেন তাঁর রাতের খাবার। আধখাওয়া খাবার গ্রহণ করবে পরিবারের বাকি সদস্যরা। Raise Your Concern About this Content
সন্ধ্যা অর্ঘ্য প্রদান
তৃতীয় দিন প্রায় ৩৬ ঘণ্টা উপবাস করা হয়। সারাদিনে নির্জলা উপবাস রাখতে হয়। বেতের ঝুড়িতে ঠেকুয়া, লাড্ডু, ছাঁচ সাজায় ও সাথে থাকে হরেক রকম মরসুমি ফল থাকে। সেই ঝুড়ি পুকুরঘাট অবধি মাথায় করে নিয়ে যান পরিবারের পুরুষ সদস্যরা। তাদের সঙ্গে থাকেন যিনি ব্রত করেছেন তিনিও । সেই দিন সূর্যাস্তের সময় সূর্যের উদ্দেশে দুধ অর্পণ করা হয়। দুধ-জলের অঞ্জলি প্রদান করার পর ফুল, ধুপ-ধুনো সহযোগে পুজা করে সে ফিরে আসে নিজের বাড়িতে।

উষা অর্ঘ্য প্রদান
চতুর্থ দিন অর্থাৎ ব্রতের শেষদিনে পুনরায় ঘাটে গিয়ে সূর্যোদয়ের সময় সূর্যকে পবিত্র মনে দুধ -জলের অঞ্জলি দিয়ে অর্ঘ্য প্রদান করা হয়। তার পর উপবাস ভঙ্গ করে পূজার প্রসাদরূপে বাঁশ নির্মিত পাত্রে সুপ, গুড়, মিষ্টান্ন, ক্ষীর, ঠেকুয়া, ভাতের নাড়ু এবং আখ, কলা, মিষ্টি লেবু প্রভৃতি ফল জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়। জলাশয় থেকে বাড়ি ফেরার সময়ে চাষের জমির পুজো করে থাকে ব্রতীন। শক্তির এই পুজোয় উপেক্ষিত হন না মা বসুন্ধরাও। বাড়ি ফেরার পর সকল সদস্যগণ দেবীরূপেই প্রণাম করে যিনি সূর্যের জন্য ব্রত করেছিলেন তাঁকে।
ছট পুজোর গুরুত্ব
সূর্য উপাসনার জন্য প্রসিদ্ধ ছট পুজো পারিবারিক সুখ-সমৃদ্ধি তথা মনোবাঞ্ছিত ফল পূরণের জন্য পালন করা হয়। নারী-পুরুষ সমান উদ্যোগে এই উৎসবে অংশগ্রহণ করে থাকেন। যদিও ছট পুজোয় কোনো মূর্তি উপাসনার স্থান নেই তবে বর্তমানে পুজো কমিটিগুলিকে সকল ঘাটের কাছে সূর্য এবং ঊষার মূর্তি প্রতিষ্ঠা করে থাকে। কঠিন নিয়ম মেনে এই পুজোতে ৩৬ ঘণ্টার এক কঠোর ব্রত পালন করতে হয়। সম্পূর্ণ সাত্বিক নৈবেদ্যের সমাহার কুলো, ডলা বা পাচিতে রেখে সূর্যদেবের উদ্দেশে উৎসর্গ করা হয়ে থাকে। নানাপ্রকার ফলমূল, মিষ্টি ইত্যাদির সাথে পরম্পরাগত বিহারী লোকখাদ্য “ঠেকুয়া” প্রস্তুত করে নৈবেদ্যরূপে প্রদান করা হয়ে থাকে। বর্তমানে এই পুজো এক সার্বজনীন রূপ লাভ করেছে। ভারতবর্ষের অনেক জায়গায় বিভিন্ন ভাষাভাষী, ধর্ম সম্প্রদায়ের মানুষ এই পূজার গুরুত্ব উপলব্ধি করে পূজায় অংশগ্রহণ করতে শুরু করেছে।

ছট পুজো বছরে কতবার পালন করা হয়?
সাধারণত ছট পুজো বছরে দু’বার পালন করা হয়ে থাকে। প্রথমবার চৈত্র মাসে পালন করা হয়, যা চৈতী ছট নামে পরিচিত। দ্বিতীয়বার কার্তিক মাসে উদযাপন করা হয়, যা কার্তিকী ছট নামে প্রচলিত।
সব মিলিয়ে বলা যায়, ছটপুজোর সঙ্গে নদী, জলাশয় এবং প্রকৃতির সম্পর্ক অত্যন্ত গভীর। জলকে পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচনা করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন এবং জলাশয়ে স্নানের মাধ্যমে ভক্তরা তাঁদের ধর্মীয় আচার সম্পন্ন করেন। তাই নদী কিংবা জলাশয়ের তীর শুধু এই পুজোর স্থান নয়, বরং ছটপুজোর আধ্যাত্মিক বিশ্বাস, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং লোকাচারের এক অবিচ্ছেদ্য অংশ।
এবছর ভারতে ছটপুজোর মুহূর্ত ১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৫:০৩ ঘটিকায় এবং ১৬ নভেম্বর ২০২৬ প্রাতে ৫:৫৬ ঘটিকায় পালিত হবে।
তথ্যসূত্র :
১. ছটপুজো ২০২৬: ইতিহাস, পুজোর নিয়ম ও ধর্মীয় তাৎপর্য
২. ছটপুজো কী? জেনে নিন পুজোর আচার-অনুষ্ঠান ও উপকারিতা
৩. ছটপুজোর মাহাত্ম্য: সূর্য আরাধনার গুরুত্ব ও উৎসবের তাৎপর্য



