Homeপার্বণীরাস উৎসবের রাস ছিল কার হাতে? 

রাস উৎসবের রাস ছিল কার হাতে? 

নবদ্বীপ ও শান্তিপুরে রাসের বৈচিত্র্য….. 

বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ। দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো সব শেষের পরও যেন উৎসবের শেষ হয় না। এই সব মিটে যাওয়ার পর কার্তিক পূর্ণিমার পূর্ণ্য লগ্নে অনুষ্ঠিত হয় রাসযাত্রা। নবদ্বীপে প্রাচীনকাল থেকে ধুমধাম করে রাস উদযাপন করা হয়।

নবদ্বীপে শাক্ত রাসের ইতিহাস 

নবদ্বীপকে শাক্ত ও বৈষ্ণব ধারার মিলনক্ষেত্র বলা চলে। যেখানে রাস মানে কৃষ্ণ-রাধার উপাসনা। সেখানে নবদ্বীপে রাসে ১৫০ থেকে ৩০০টিরও বেশি শক্তিমূর্তির পুজো করা হয়। পাশাপাশি বৈষ্ণব মতে কৃষ্ণ মূর্তিরও আরাধনা করা হয়। বড়-শ্যামা,ভদ্রকালী, এলানিয়া কালী মাতা, রণকালী, প্রভৃতি একাধিক শাক্ত ভাবধারায় কালীমূর্তিরও পুজো করা হয়।  

কৃতজ্ঞতা স্বীকার : Google

শ্রীচৈতন্যের জন্মভূমি 

শ্রীচৈতন্যের জন্মভূমি নবদ্বীপ। আবার সেই মাটিতেই জন্ম নিয়েছেন তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ। তিনি স্বপ্নাদেশ পান, প্রথম দক্ষিণা কালীর  রূপ কল্পনা করেন। সবথেকে বড় বিষয় দীপান্বিতা কালীপুজোর রাতে পশ্চিমবঙ্গ ও রাজ্য কিংবা দেশের বাইরে যে কালীমূর্তির পুজো করা হয়, তা তিনি প্রচলন করেছেন। 

জনশ্রুতি অনুযায়ী নবদ্বীপে রাস উৎসবের সূচনা করছিলেন চৈতন্যদেব। কৃষ্ণানন্দ ছিলেন উদারচেতা, ধর্মবিষয়ে তাঁর কোনো গোঁড়ামি ছিল না। আর শ্রীচৈতন্যের উদার চেতনার কথা জগৎখ্যাত। সেই নবদ্বীপের মাটিতে রাস উৎসব যে অন্য মাত্রার উৎসব হবে, তা বলাই বাহুল্য।

প্রায় ষোড়শ শতাব্দীর শুরুতেই নবদ্বীপে শুরু হয় রাস। তবে চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করলে বৈষ্ণব আন্দোলন নিস্তেজ হয়ে পড়ে। স্বাভাবিকভাবে সেইসময় বৈষ্ণবীয় উৎসব-অনুষ্ঠান উদযাপনেও ব্যাঘাত ঘটে। Raise Your Concern About this Content

রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে শাক্ত রাসের সূচনা 

নবদ্বীপে শাক্ত রাসের সূচনা হয় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে।  চৈতন্য পরবর্তী পর্যায়ে নবদ্বীপে পুনরায় রাস উৎসবের সূচনা হয় তা অভিনব ও তার গুরুত্ব সর্বাধিক। জনশ্রুতি অনুযায়ী, বৈষ্ণব ধর্মের জনপ্রিয়তার কারণে শাক্ত ধর্মের মানুষরা নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের কাছে অনেক অভিযোগ জানাতে থাকেন। অনেকদিন এমনটা চলার পর নবদ্বীপের পণ্ডিত-পুরোহিতদের ডেকে রাজা প্রস্তাব দেন। কার্তিক মাসে রাস পূর্ণিমার দিন বাড়িতে নিজ নিজ ইষ্ট দেব-দেবীর পুজো করতে বলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। অর্থাৎ কৃষ্ণচন্দ্রের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় শাক্ত বৈষ্ণব কাউকে না চটিয়ে নবদ্বীপে শুরু হয় রাস উৎসব।  

মূলত রাজা মনে করেছিলেন কালীর পুজো পাশাপাশি কৃষ্ণের আরাধনাও সম্ভব, কোনও ভেদাভেদ না রেখে উৎসব, ঐতিহ্য ও সাধারণ মানুষের আনন্দ-উদযাপন হয়ে উঠুক প্রাধান্য বিষয়।   

বিশাল আকারের মূর্তি

কলকাতার মানুষের কাছে যেমন দুর্গাপুজো গুরুত্বপূর্ণ, তেমনি রাসপূর্ণিমাও ততটাই গুরুত্বপূর্ণ নবদ্বীপের মানুষের কাছে। তবে নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য এখানকার বিশাল আকারের মূর্তি, যাতে রয়েছে সাবেক ছোঁয়া। বেশিরভাগ মূর্তির উচ্চতা কম করে ২০-২২ হাতের। বেশিরভাগ মণ্ডপেই শিল্পীরা গিয়ে প্রতিমা নির্মাণ করেন। প্রথা অনুযায়ী, লক্ষ্মীপুজোর পর দিন থেকেই কাঠামোর নির্মাণের কাজ শুরু হয়। কালীপুজোর পরের দিন প্রতিমার খড় বাঁধার কাজ শুরু হয়। প্রত্যেক মণ্ডপে বড় বড় চাকা লাগানো লোহার গাড়ির উপর প্রতিমা স্থাপন করা হয়। প্রাচীন পুজোগুলির মধ্যে ‘অলোকনাথ কালী’ বা ‘এলানে কালী’, ‘শবশিবা’ তেঘরিপাড়ার ‘বড়শ্যামা’, ‘মেজশ্যামা’, ‘ছোটশ্যামা’ বিশেষভাবে উল্লেখযোগ্য। তাছাড়াও ‘বুড়োকালী’, ‘ভদ্রকালী’, ‘বিন্দ্যবাসিনী’ ‘গৌরাঙ্গিনী’ এই পুজোগুলিও উল্লেখযোগ্য। 

কিছু পুজো যেমন ব্যাদরাপাড়ার ‘শবশিবা’-র মতো এখনও বেশকিছু পুজোতে তান্ত্রিক প্রভাব স্পষ্ট। আবার কিছু শাক্ত মূর্তি যেমন চারিচারাপাড়ার ‘ভদ্রকালী’-র মূর্তিতে বৈষ্ণব প্রভাব রয়েছে। মহিষমর্দিনী, লক্ষ্মী-সরস্বতীর নীচে হনুমান, দু’পাশে রাম-লক্ষ্মণকে রাখা হয়। রামসীতাপাড়ার কৃষ্ণজননীর মূর্তি তো অভিনব। সেখানে দেখা যায় দুর্গার কোলে শিশু কৃষ্ণ। বর্তমানে আরও কিছু মূর্তি ও পুজোর প্রচলন হয়েছে।

নবদ্বীপের রাসপূর্ণিমায় এখানে কালী, দুর্গা এবং অন্যান্য শক্তি মূর্তির আরাধনায় আগে পাঁঠা বলি দেওয়া হত। সময়ের সঙ্গে সঙ্গে পশুবলি এখন কমেছে। তবে পুরোপুরি বন্ধ হয়নি। প্রায় ১১২৫ বঙ্গাব্দে ভূগুরাম সিদ্ধান্তবাগীশ শুরু করেছিলেন বড় শ্যামার পুজো। সেখানে এখনও তান্ত্রিক পদ্ধতিতেই শক্তি আরাধনা করা হয়। আগে ৬০-এরও বেশি পাঁঠা বলি করা হলেও, এখনও পশুবলির সংখ্যা অনেক কমানো হয়েছে। 

কৃতজ্ঞতা স্বীকার : Google

নবদ্বীপের রাসে ‘আড়ং’, ‘তাসা’

রাসের পরের দিন বর্ণাঢ্য শোভাযাত্রা ও ‘তাসা’ বাজনার মাধ্যমে বিসর্জনের ব্যবস্থা করা হয়। ভাগীরথী নদীতে ভাসান দেওয়া হয়। বিশাল আকৃতির প্রতিমাগুলি। প্রতিমা বিসর্জনের এই উদযাপন স্থানীয় লোকদের কাছে ‘আড়ং’ নামে পরিচিত। যেসব বিগ্রহ লোহার গাড়ির প্রতিস্থাপন করা হয় সেগুলো লোহার গাড়িতে করে প্রদক্ষিণ করানো হয়। কিছু কিছু প্রতিমাকে আবার বেয়ারার কাঁধে চড়ে প্রদক্ষিণ করানো হয়।

নবদ্বীপের রাসের পুরস্কার

জনশ্রুতি অনুযায়ী, রাস উৎসব প্রচলন করার পরে কৃষ্ণচন্দ্র বিভিন্ন পুজোকে পুরস্কৃত করতেন। প্রতিবছর রাসের পরের দিন পোড়ামাতলায় উপস্থিত থাকতেন তিনি। প্রত্যেক পুজোর শ্রেষ্ঠত্ব বিচার করে, প্রতিমার সাজসজ্জা সব বিচার করে পুজো উদ্যোক্তাদের পুরস্কৃত করতেন।  

শান্তিপুরের রাস 

নবদ্বীপের পাশাপাশি শান্তিপুরের রাসও জগৎবিখ্যাত। শান্তিপুরের রাস বৈষ্ণবপ্রধান অর্থাৎ সেখানে রাধাকৃষ্ণের রাসলীলাকে প্রাধান্য দেওয়া হয়। শান্তিপুরে প্রাচীন গোস্বামী বাড়িগুলিতেও প্রতিষ্ঠিত বিগ্রহকেও পুজো করা হয়। 

শান্তিপুরের ‘রাইরাজা’ 

শান্তিপুরের ‘রাইরাজা’ রাস উৎসবের অত্যন্ত স্বতন্ত্র বৈশিষ্ট্য। রাধারানিকে রাজবেশে সাজানো হয়। 

এই পোশাক ও সাজসজ্জাই শান্তিপুরের রাসকে বাকি অনেক জায়গার রাসের থেকেই আলাদা করে। 

‘ভাঙা রাস’ 

শান্তিপুরের রাসের আরও একটি বৈশিষ্ট্য ভাঙা রাস। নবদ্বীপের মতো শান্তিপুরেও রাসের পরেরদিন বিভিন্ন পুজো মণ্ডপগুলি থেকে বিভিন্ন প্রতিমা নিয়ে শোভাযাত্রা বার করা হয়। যা স্থানীয়দের কাছে ‘ভাঙা রাস’ বলেই পরিচিত। 

কৃতজ্ঞতা স্বীকার : Google

উপসংহার 

নবদ্বীপ ও শান্তিপুরের রাস উৎসব বাংলার বৈষ্ণব ও শাক্ত সংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্যের অভূতপূর্ব নিদর্শন। নবদ্বীপ ও শান্তিপুরের রাস উদযাপনের মধ্যে ফারাক থাকলেও, সাধারণ মানুষের শ্রদ্ধা-ভক্তি, বিশ্বাস, ধর্ম-চেতনা এবং আনন্দ-উদযাপন কোথাও মিলেমিশে একাকার হয়ে যায়। 

নবদ্বীপের শ্রীকৃষ্ণের রাসলীলা ও দেবদেবীর প্রতিমার বর্ণাঢ্য শোভাযাত্রা যেমন দর্শনার্থীদের আকর্ষণ করে, তেমনই শান্তিপুরের রাস উৎসবের ঐতিহ্য ও রাধাকৃষ্ণের আরাধনা বহন করে বহু প্রজন্মের ধর্মীয় আবেগ। 

সময়ের সঙ্গে উৎসবের উদযাপনে নানা পরিবর্তন আসলেও, আজও রাসপূর্ণিমা দুই জনপদে খুশির জোয়ার নিয়ে আসে।  শুধু তাই নয় রাস উৎসব কোথাও বাংলার আবহমান সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তোলে। 

কীভাবে যাবেন? 

হাওড়া থেকে মেন লাইনের ট্রেনে নবদ্বীপ ধাম যেতে পারেন। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী যে কোনও ট্রেন ধরে কৃষ্ণনগর যেতে পারেন। সেখান থেকে গাড়ি করেও নবদ্বীপ যাওয়া যায়। কৃষ্ণনগর থেকে নবদ্বীপগামী প্রচুর বাসও রয়েছে। বাসে করেও নবদ্বীপ পৌঁছানো যায়।  

শিয়ালদহ থেকে শান্তিপুরগামী যে কোনও লোকাল ট্রেনে শান্তিপুর যেতে পারেন। কলকাতা থেকে শান্তিপুরে পর্যন্ত বিভিন্ন বাসও চলে। চাইলে বাসে করেও যাওয়া যায়। 

কোথায় থাকবেন?

নবদ্বীপে থাকার জন্য একাধিক হোটেল-হোমস্টে আছে। বেশিরভাগ হোটেলে নিরামিষ খাওয়া-দাওয়ার ব্যবস্থা। ‘রাধারাণী কুটির’-এও থাকতে পারেন, ফোন নং- 81007 97037।

শান্তিপুরেও থাকার জন্য একাধিক হোটেল রয়েছে। 

তবে রাসে গেলে অগ্রিম বুকিং করে তারপর যাবেন। সেইসময় অত্যন্ত ভিড় হয়, আগে থেকে হোটেল বুক করে যাওয়াই ভালো। 

তথ্যসূত্র-

১. নবদ্বীপ ও শান্তিপুরের রাস উৎসবের পার্থক্য ও ঐতিহ্য
২. শাক্ত-বৈষ্ণব বিরোধ মেটাতে নবদ্বীপের রাস উৎসবের সূচনা
৩. নবদ্বীপের রাস উৎসব: ধর্মীয় ইতিহাস, শাক্ত ও বৈষ্ণব ঐতিহ্যের মিলন
৪. রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় নবদ্বীপের শাক্ত রাসের ইতিহাস
৫. নবদ্বীপের শাক্ত রাস উৎসবের ইতিহাস ও ভ্রমণ নির্দেশিকা
৬. নবদ্বীপ রাস উৎসব ২০২৬: ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রতিক সংবাদ


Author

- বিজ্ঞাপন -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বাংলা ক্যালেন্ডার

- বিজ্ঞাপন -spot_img

Most Popular

Recent Comments