মানুষের তো একটি নাম।বাঙ্গালিদের দুটি নাম হয়। কেন এমন ,কখনো কি প্রশ্ন জাগে?একজন বাঙালির পরিচয়ের সঙ্গে তার নাম যেন অদৃশ্য এক সুতোয় বাঁধা। নাম শুধু কাউকে ডাকার জন্য ব্যবহৃত একটি শব্দ নয় এর সঙ্গে জড়িয়ে থাকে পরিবার, ধর্ম, সংস্কৃতি, আবেগ, বিশ্বাস, পারিবারিক ইতিহাস এবং ভবিষ্যৎ নিয়ে বাবা-মায়ের স্বপ্ন। তাই বাঙালি সমাজে একটি মানুষের নাম অনেক সময় তার পরিচয়ের থেকেও অনেকবেশি কিছু বলে। আর এখানেই বাঙালির নামকরণ সংস্কৃতির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য—একজন মানুষের দুটি নাম। একটি ‘ভালো নাম’, অন্যটি ‘ডাকনাম’।বাঙালির নামকরণের সংস্কৃতি কেবল একটি পরিচয় নির্ধারণের প্রক্রিয়া নয়, বরং এটি আমাদের সাহিত্য,আবেগ এবং পারিবারিক ঐতিহ্যের এক অপূর্ব মিলনমেলা। সময়ের সঙ্গে সঙ্গে বাঙালির নাম করণের এই ধারায় এক বিশাল বিবর্তন এসেছে।
ভালো নাম ও ডাকনাম—দুটি পরিচয়ের গল্প
বাঙালি পরিবারে একটি শিশুর জন্মের পর পরই একটি ডাকনাম রাখা হয়। এই প্রথাটির পেছনের ইতিহাস ও কারণগুলো বেশ আকর্ষণীয়:
স্নেহ ও আন্তরিকতা:শিশুর‘ভালো নাম’ থাকে প্রাতিষ্ঠানিক ও সামাজিক ব্যবহারের জন্য,যা কিছুটা গাম্ভীর্যপূর্ণ হয়। অন্যদিকে ডাকনামটি তৈরি হয় পারিবারিক উষ্ণতা ও ভালোবাসা থেকে (যেমন: খোকা, সোনা, পুচু, টুনটুনি,ভুতু)। এই আদুরে নাম রাখার আবার কারন আলাদা।
অশুভ দৃষ্টি এড়ানোর বিশ্বাস: প্রাচীন ও মধ্যযুগীয় লোকবিশ্বাস অনুযায়ী, খুব সুন্দর বা সুন্দর অর্থযুক্ত নাম রাখলে শিশুর ওপর ‘অপদেবতা’ বা ‘কু-নজর’ পড়তে পারে। তাই শিশুর ওপর থেকে অশুভ নজর কাটানোর জন্য ইচ্ছা করেই কিছুটা অদ্ভুত,অতি-সাধারণ বা তুচ্ছ নাম দেওয়া হতো (যেমন:মরন,পচা,ফেলু,খেতু,গুপি)।মান্যতা আছে মরন নাম হলে সে বাচ্চা মরনের হাত থেকে রক্ষা পায়।
সহজ উচ্চারণ: শিশুদের জিভ ফোটার সময় জটিল বা দীর্ঘ নাম উচ্চারণ করা কঠিন, তাই উচ্চারণ করা সহজ এমন দু-এক অক্ষরের নাম তৈরি হয়ে যেত (যেমন: বুম্বা, টোটন, ঝিনুক,মিষ্টি)।

নাম করন নিয়ে পরিবারের সবার মধ্যে চলে তোড়জোর। ঠাকুমা হয়তো চান পুরনো দিনের কোনও নাম, বাবা-মায়ের পছন্দ আধুনিক নাম, আবার পরিবারের অন্য সদস্যের ইচ্ছা শিশুর নাম হোক কোনও দেবদেবী, কবি বা সাহিত্যিকের নামে। শেষ পর্যন্ত যে নামটি সরকারি নথি, স্কুল, কলেজ, চাকরি কিংবা সামাজিক পরিচয়ে ব্যবহৃত হয়, সেটিই হয়ে ওঠে ভালো নাম।
অন্যদিকে বাড়ির মানুষ যে আদরের নামে শিশুটিকে ডাকে, সেটিই ডাকনাম। এই নামের সঙ্গে আনুষ্ঠানিকতার কোনও সম্পর্ক নেই। বরং এটি তৈরি হয় ভালোবাসা,মজা,অভ্যাস কিংবা পারিবারিক স্মৃতি থেকে।যেমন কারও ভালো নাম ‘সৌম্যজিৎ’,কিন্তু বাড়িতে সে ‘বাবু’। কারও নাম ‘ঐশী’,অথচ পরিবারের কাছে সে ‘মিঠু’। আবার ‘সৌরভ’ হয়ে যেতে পারে ‘বুবাই’,‘অরিন্দম’ হয়ে উঠতে পারে ‘বাপ্পা’, আর ‘সুদীপ্তা’ হয়ে যেতে পারে ‘পিউ’।এই ডাকনামগুলিই অনেক সময় মানুষের সবচেয়ে কাছের পরিচয় হয়ে ওঠে।
কেন বাঙালির দুটি নাম?
বাঙালির দুই নামের ঐতিহ্যের পেছনে রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস। একদিকে ছিল আনুষ্ঠানিক পরিচয়ের প্রয়োজন,অন্যদিকে ছিল ঘরোয়া সম্পর্কের নিজস্বতা। শিশুকে বাইরে যে নামে পরিচিত করা হবে এবং পরিবারের মধ্যে যে নামে আদর করা হবে—দুটি ক্ষেত্রকে আলাদা করে দেখার প্রবণতা থেকেই ডাকনাম ও ভালো নামের সংস্কৃতি শক্তিশালী হয়েছে।
ঐতিহ্যগত ভাবে বাঙালি পরিবারে ডাকনাম ছিল অত্যন্ত ব্যক্তিগত। পরিবারের বাইরের মানুষ হয়তো জানতেনই না শিশুটির ডাকনাম কী। ফলে ডাকনাম হয়ে উঠত ঘরের মানুষের একান্ত সম্পদ।
এখানে আর একটি লোকবিশ্বাসের কথাও উল্লেখ করছি। প্রাচীন সমাজে শিশুর প্রকৃত বা আনুষ্ঠানিক নামকে কখনও কখনও অশুভ শক্তির নজর থেকে আড়াল রাখার ধারণা ছিল। তাই সহজ, সাধারণ বা আদরের একটি নাম ঘরে ব্যবহারের রীতি তৈরি হয়েছিল। তবে বাঙালির দুটি নামের একমাত্র কারণ এটি নয়; সামাজিক ব্যবহার, পারিবারিক ঘনিষ্ঠতা এবং সাংস্কৃতিক অভ্যাসও এই প্রথাকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রেখেছে।
নামের মধ্যে অর্থ, বিশ্বাস ও আশীর্বাদ
বাঙালির ভালো নাম সাধারণত অর্থবহ। বাবা-মা সন্তানের ভবিষ্যৎ নিয়ে যে স্বপ্ন দেখেন, অনেক সময় সেই স্বপ্নের প্রতিফলন দেখা যায় নামের মধ্যে।‘সৌম্য’ শব্দের অর্থ শান্ত ও কোমল প্রকৃতির। ‘অরিন্দম’ অর্থ শত্রুকে দমনকারী। ‘সৌরভ’ বলতে বোঝায় সুগন্ধ বা সুবাস। ‘ঐশী’ শব্দটি ঈশ্বরীয় বা ঐশ্বরিক অর্থ বহন করে। ‘দীপা’ বা ‘দীপ’ আলোর সঙ্গে যুক্ত। ‘অনন্যা’ অর্থ অতুলনীয় বা যার তুলনা নেই।
আবার প্রকৃতি থেকেও বাঙালির নাম এসেছে—‘মেঘ’, ‘বৃষ্টি’, ‘কুসুম’, ‘শিউলি’, ‘পলাশ’, ‘কদম’, ‘মেঘলা’ ইত্যাদি। সাহিত্য ও সংগীতও নামের বড় উৎস। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে আধুনিক সাহিত্য—বাঙালি নামের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে।
ধর্মীয় বিশ্বাসেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ‘কৃষ্ণ’, ‘রাধা’, ‘শিব’, ‘গৌরী’, ‘লক্ষ্মী’, ‘সরস্বতী’, ‘দুর্গা’, ‘রাম’—এই ধরনের নাম বহু প্রজন্ম ধরে ব্যবহৃত হয়ে আসছে। মুসলিম বাঙালি পরিবারে ‘আফরোজ’, ‘সামির’, ‘ফারহানা’, ‘নুসরাত’, ‘আরিফ’ প্রভৃতি আরবি-ফারসি উৎসের নামও প্রচলিত। ফলে বাঙালির নামকরণে ধর্মীয় পরিচয়ের পাশাপাশি ভাষা ও স্থানীয় সংস্কৃতিরও গভীর ছাপ রয়েছে।Raise Your Concern About this Content

ডাকনামের জগৎ আরও বেশি আবেগের
ভালো নামের মধ্যে যেখানে থাকে অর্থ ও সামাজিক পরিচয়, ডাকনামের মধ্যে থাকে সম্পর্কের উষ্ণতা।
‘খোকা’, ‘খুকু’, ‘বাবু’, ‘পুটু’, ‘টুকাই’, ‘বুবাই’, ‘ভুটু’, ‘মিঠু’, ‘পাপাই’, ‘রনি’, ‘টিটু’, ‘পিউ’—এ ধরনের নামের নির্দিষ্ট অভিধানগত অর্থ অনেক সময় নেই। কিন্তু এগুলোর সঙ্গে জড়িয়ে থাকে পরিবারের স্মৃতি।কখনও শিশুর চেহারা দেখে ডাকনাম তৈরি হয়েছে, কখনও তার স্বভাব দেখে। কেউ বা ছোটবেলায় খুব চঞ্চল বলে ‘পাগলু’, কেউ গোলগাল বলে ‘গোলু’, কেউ খুব মিষ্টি বলে ‘মিঠু’। কোনও কোনও ডাকনাম আবার পরিবারের কোনও পুরনো সদস্যের নাম থেকে এসেছে।আমার পরিবারেও আছে।এই নামগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য—এগুলো সম্পর্কের দূরত্ব কমায়। অফিসে কেউ ‘সৌম্যজিৎ’ হলেও মায়ের কাছে সে আজও ‘বাবুই’। বয়স পঞ্চাশ পেরোলেও দিদার কাছে নাত্নি হয়তো ‘কুট্টি’ই থেকে যায়।
সময়ের সঙ্গে বদলেছে ডাকনাম
একসময় বাঙালি পরিবারের ডাকনাম ছিল অত্যন্ত দেশীয়। ‘ভোলা’, ‘নিতাই’, ‘গোপাল’, ‘খোকন’, ‘বাবলু’, ‘বাপ্পা’, ‘পিন্টু’, ‘মন্টু’, ‘ঝুমা’, ‘রুমা’, ‘মিঠু’—এসব নাম একসময় প্রায় প্রতিটি পাড়ায় শোনা যেত। তাই না?কিন্তু শহুরে জীবন, ইংরেজি শিক্ষার প্রসার, টেলিভিশন, সিনেমা এবং পরে সোশ্যাল মিডিয়ার প্রভাব ডাকনামের ধরন বদলে দিয়েছে। এখন ‘রিয়া’, ‘রিশা’, ‘রুহি’, ‘রনি’, ‘রিয়ান’, ‘অভি’,‘রুদ্র’, ‘ঈশা’ ইত্যাদি নাম ডাকনাম হিসেবেও ব্যবহৃত হচ্ছে।অর্থাৎ আগে যেখানে ভালো নাম ও ডাকনামের মধ্যে স্পষ্ট পার্থক্য ছিল, এখন সেই ব্যবধান অনেকটাই কমে এসেছে।
আধুনিক প্রজন্মে নামের নতুন ভাবনা
বর্তমান প্রজন্মের বাবা-মায়েরা নাম বাছাইয়ের ক্ষেত্রে শুধু অর্থ দেখছেন না। নামটি ছোট কি না, উচ্চারণ সহজ কি না, ইংরেজিতে লেখা সহজ কি না, সোশ্যাল মিডিয়ায় আলাদা পরিচয় তৈরি করবে কি না—এসব বিষয়ও গুরুত্ব পাচ্ছে।আগের প্রজন্মে দীর্ঘ ও সংস্কৃতঘেঁষা নাম যেমন ‘শুভ্রনীল’, ‘অভিষেক’, ‘সৌমেন্দ্রনাথ’ বা ‘সুদীপ্তা’ বেশি দেখা যেত; এখন অনেক বাবা-মা ছোট ও আধুনিক নাম পছন্দ করছেন। একই সঙ্গে পুরনো বাংলা নামও নতুন করে জনপ্রিয় হচ্ছে।আর একটি বড় পরিবর্তন হল—অনেক পরিবার এখন শিশুর ডাকনামকেই প্রায় স্থায়ী নাম হিসেবে ব্যবহার করছে। ফলে‘ভালো নাম’ও ‘ডাকনাম’-এর ঐতিহ্যবাহী বিভাজন ধীরে ধীরে বদলে যাচ্ছে।
নামের মধ্যে বাঙালির আত্মপরিচয়
নাম বদলালেও নামের সঙ্গে আবেগের সম্পর্ক বদলায়নি। একজন মানুষের নামের মধ্যে তার পরিবারের ইতিহাস, বাবা-মায়ের আশা, দাদা-দিদার স্মৃতি, ধর্মীয় বিশ্বাস, সাহিত্যপ্রেম কিংবা প্রকৃতির প্রতি ভালোবাসা—সবকিছুর ছাপ থাকতে পারে।
তাই বাঙালির নামকরণ সংস্কৃতি আসলে একটি সামাজিক স্মৃতির ভাণ্ডার। ‘ভালো নাম’ মানুষকে সমাজের সামনে পরিচিত করে, আর ‘ডাকনাম’ তাকে ফিরিয়ে নিয়ে যায় নিজের ঘরে, শৈশবে এবং আপনজনের কাছে।
আজকের ডিজিটাল যুগে হয়তো নামের ধরন বদলেছে, ডাকনাম বদলেছে, নাম রাখার পদ্ধতিও বদলেছে। কিন্তু মায়ের মুখে ‘বাবু’, বাবার মুখে ‘খোকা’, দিদার মুখে ‘পুটু’—এই ডাকের আবেগ এখনও একই রকম।এখনো এই ডাকনাম শুনলে মনে হয় আপন কেউ ডাকছে।
তথ্যসূচি
১. সংগঠিত গবেষণা
২. উইকোপেডিয়া
৩. গুগল



