Homeজীবনশৈলীসুখাদ্যভাদ্রের তাল: তালশাঁস থেকে তালের পিঠে—বাঙালির বর্ষশেষের মিষ্টি স্মৃতি

ভাদ্রের তাল: তালশাঁস থেকে তালের পিঠে—বাঙালির বর্ষশেষের মিষ্টি স্মৃতি

আকাশ তখনও বর্ষার মেঘে ঢাকা। কখনও ঝুম বৃষ্টি,কখনও টুপটাপ জল। ভেজা মাটির গন্ধে চারপাশ ভরে আছে। গ্রামের পথের পাশে ধানখেত,পুকুরে জমে থাকা বৃষ্টির জল,বাঁশঝাড়ের ফাঁক দিয়ে আসা বাতাস। আর সেই সবুজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তালগাছ।আজ সব কল্পনা মনে হয়।দিনের তাপমাত্রা তখন উর্ধমুখি।কথায়ই আছে ভাদ্রে তাল পাকা গরম পরে।তালগাছ দেখলেই তখন বোঝা যেত—ভাদ্র এসে গেছে।আজও বাজারে তাল পাওয়া যায়। তালশাঁস পাওয়া যায়। সুস্বাদু তালের বড়াও তৈরি হয়। কিন্তু সেই স্বাদ কি আর ফিরে পাওয়া যায়?আসলে হারিয়ে গেছে খাবার নয়, হারিয়ে গেছে খাবারকে ঘিরে থাকা সেই সময়টা।

তালগাছ দেখলেই যে ছোটবেলাটা মনে পড়ে

সেই সময়, যখন একটি পাকা তাল বাড়িতে আসা মানেই ছিল বাড়ির সবার ব্যস্ত হয়ে পড়া। কেউ তাল ধুচ্ছে,কেউ খোসা ছাড়াচ্ছে, কেউ শাঁস বের করছে। রান্নাঘর থেকে ভেসে আসছে তালের মিষ্টি গন্ধ। আর আমরা ছোটরা বারবার রান্নাঘরের দরজায় উঁকি দিয়ে জিজ্ঞেস করতাম—“হয়ে গেল?”সেই অপেক্ষাটাই ছিল আনন্দ।গ্রামবাংলার তালগাছ ছিল যেন আমাদের শৈশবের নীরব বন্ধু।পথের ধারে, পুকুরের পাশে, ধানের জমির কোণে—কোথাও না কোথাও একটা তালগাছ থাকবেই। বর্ষার দিনে তার বিশাল পাতাগুলো বাতাসে দুলত। দূর থেকে মনে হতো, আকাশের সঙ্গে কথা বলছে। রবী ঠাকুরের সেই ‘তালগাছ’কবিতাটি মনে আছে?কোনও কোনও বাড়িতে পাকা তাল গাছ থেকে নামানোর দিনটাও যেন উৎসবের মতো ছিল। তাল পড়ার শব্দ শুনলেই ছুটে যেতাম। কে আগে তালটা হাতে নেবে, কে বাড়িতে নিয়ে যাবে—তা নিয়েও ছোটখাটো প্রতিযোগিতা চলত।আজ সেই দৌড় নেই।শিশুরা এখন হয়তো মোবাইলের পর্দায় ব্যস্ত। কিন্তু একসময় একটি তালই কয়েক ঘণ্টার আনন্দের কারণ হতে পারত।

তালশাঁসের সেই ঠান্ডা, নরম স্বাদ

তালশাঁস নিশ্চয় খেয়েছেন ।কাঁচা-পাকা তালের ভেতরের নরম,স্বচ্ছ শাঁস—তালশাঁস।মিষ্টি স্বাদ।গরম দুপুরে তালশাঁস খাওয়ার আনন্দ যে একবার পেয়েছে, সে তা সহজে ভুলতে পারে না।তাল কেটে যখন ভেতর থেকে গোল গোল নরম শাঁস বের করা হতো, তখন চারপাশে কয়েকজন বসে যেত। কে আগে পাবে, কে বড় শাঁসটা নেবে—এসব নিয়েও চলত মিষ্টি ঝগড়া।এখনও তালেরশাঁস খাই।কিন্তু ছোটবেলার স্মৃতি সে যে বড়ো মধুর।

কৃতজ্ঞতা স্বীকার : Google

পাকা তাল আর রান্নাঘরের ব্যস্ততা

তাল পাকতে শুরু করলেই গ্রামের বাড়ির রান্নাঘরে যেন অন্যরকম ব্যস্ততা শুরু হতো।পাকা তাল এনে প্রথমে পরিষ্কার করা হতো। তারপর বড় একটি পাত্রে তাল চটকে তার ভেতর থেকে রস বের করা। সেই কাজটি সহজ ছিল না। তালের আঁশ আলাদা করা, রস ছেঁকে নেওয়া—সব মিলিয়ে বেশ সময় লাগত।কিন্তু কারও তাড়া ছিল না।আজকের মতো “দশ মিনিটে রেডি” করার প্রয়োজন ছিল না। সময় নিয়ে বসে তালের নানা পদ তৈরী হতো।

তালের বড়া—ভাদ্রের সবচেয়ে প্রিয় স্মৃতি

তালের বড়ার সঙ্গে বাঙালির আবেগের সম্পর্কটা একটু আলাদা।কড়াইয়ে গরম তেল। হাতে তালের মিশ্রণ। তারপর একে একে গোল করে বড়া ছেড়ে দেওয়া হচ্ছে। তেলে পড়তেই “ছ্যাঁৎ” শব্দ।বাইরেটা ধীরে ধীরে বাদামি হয়ে উঠছে। রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে আমরা শুধু অপেক্ষা করছি। যখন লিখছি তখনই জিভে জল চলে আসছে।গরম তালের বড়ায় কামড় দিতেই বাইরের অংশটা একটু শক্ত, ভেতরে নরম আর মিষ্টি। সঙ্গে তালের সেই নিজস্ব গন্ধ।সেই স্বাদকে আজও অনেকে খুঁজে বেড়ান।তাই না?

কৃতজ্ঞতা স্বীকার : Google

জন্মাষ্টমী ও তালের বড়া:

জন্মাষ্টমী আর ‘পাকা তাল’ যেন একই সুতোয় গাঁথা। ভাদ্র মাসের কৃষ্ণাপক্ষীয় অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মতিথি পালিত হয়।মান্যতা আছে তালের তৈরি নানা মিষ্টান্ন, বিশেষ করে তালের বড়া, গোপালের নৈবেদ্যে দিতেই হয়।

ধর্মীয় মাহাত্ম্য ও বিশ্বাস

শ্রীকৃষ্ণের প্রিয় খাদ্য: সনাতন বিশ্বাস অনুযায়ী, শিশু গোপাল বা ক্ষীরচোরা কৃষ্ণ মাখন ও মিষ্টি পছন্দ করতেন। তাই ভাদ্র মাসে পাকা তালের সহজ লভ্যতা এবং এর গাঢ় মিষ্টি সুবাসের কারণে ভক্তরা তালের তৈরি পদ দিয়ে গোপালকে ভোগ নিবেদন করার প্রচলন রয়েছে।কথিত আছে তালদৈত্য বা ধেনুকাসুর বধের পৌরাণিক গল্প: শ্রীমদ্ভাগবত ও বিষ্ণুপুরাণ মতে, তালবনে বাস করত ধেনুকাসুর নামের এক রাক্ষস (যে গর্দভ বা গাধার রূপ ধারণ করেছিল)। বলরাম ও কৃষ্ণ ধেনুকাসুরকে বধ করে তালবনকে প্রজা ও গোপালকদের জন্য উন্মুক্ত করেন। এই বিজয়ের স্মৃতিতে ও তালবৃক্ষের পবিত্রতাকে সম্মান জানাতে জন্মাষ্টমীতে তালের মিষ্টি নৈবেদ্য দেওয়ার রীতি প্রচলিত রয়েছে।জন্মাষ্টমীর পরের দিন পালিত হয় ‘নন্দোৎসব’—অর্থাৎ নন্দরাজার ঘরে কৃষ্ণ আগমনের আনন্দানুষ্ঠান। এই দিনে ব্রজবাসীদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার প্রতীক হিসেবে তালের বড়া, তালের ক্ষীর ও তালের লুচি প্রসাদ হিসেবে বিতরণ করা হয়।

সাংস্কৃতিক ও সামাজিক গুরুত্ব

বাঙালি সংস্কৃতির মূল সৌন্দর্য লুকিয়ে আছে প্রকৃতির সঙ্গে আচারের মেলবন্ধনে। ভাদ্র মাসের প্রখর গরমে গাছ থেকে পাকা তাল খসে পড়ে। প্রকৃতির এই বিশেষ উপহারকে ধর্মীয় রূপ দিয়ে খাদ্যতালিকায় যুক্ত করার এক অনন্য উদাহরণ এই উৎসব।

জন্মাষ্টমীর আগের রাত থেকেই গ্রামে-গঞ্জে বা শহরের বাড়িতে বাড়িতে তালের রস বের করা, নারকেল কোড়া এবং চালের গুঁড়ো দিয়ে তাল মাখার প্রস্তুতি চলে। ঠাকুমা-দিদিমাদের ঘিরে পরিবারের সব বয়সের মানুষের একত্র হওয়ার এই সামাজিক রীতি বাঙালির পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।

লোকায়ত ঐতিহ্যের প্রতীক: তালের বড়া কেবল কোনো বিলাসবহুল পদ নয়; এটি গ্রামবাংলার লোকায়ত ঐতিহ্যের বাহক। বাঁশের ঝাঁঝরি বা ঝুড়িতে তালের রস ছাঁকা থেকে শুরু করে মাটির উনুনে বা কড়াইতে ছাঁকা তেলে বড়া ভাজার রূপ-রস-গন্ধ বাঙালির লোকসংস্কৃতির এক জীবন্ত দলিল।

তালের পিঠে আর মায়ের হাত

পিঠে মানেই শুধু পৌষ নয়। ভাদ্রেও বাঙালির রান্নাঘরে তালের পিঠের গন্ধ উঠত।মায়ের হাতের তৈরি পিঠে দেখতে হয়তো খুব নিখুঁত ছিল না। কোনওটা একটু বেশি মোটা,কোনওটা একটু বেশি ভাজা। কিন্তু সেই স্বাদে ভুল ছিল না।

কৃতজ্ঞতা স্বীকার : Google

আজ আমরা মাপজোক করে রান্না করি। বড়ো বড়ো সেফদের মতো করে রান্না করি।কিন্তু কোথাও যেন মায়ের হাতের স্বাদ এখনো অধরা থেকে যায়। শিখবেন নাকি তালের রেসিপি?

সহজ তালের পিঠে

উপকরণ:
তালের রস – ১ কাপ
চালের গুঁড়ো – ১ কাপ
নারকেল – ১ কাপ
গুড় – প্রয়োজনমতো
এলাচ – সামান্য

তালের রসের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে নরম মিশ্রণ তৈরি করুন। আলাদা করে নারকেল ও গুড় দিয়ে পুর বানান।

এবার মিশ্রণ দিয়ে ছোট পিঠে তৈরি করে ভেতরে নারকেলের পুর দিন। ভাপে সেদ্ধ করতে পারেন। চাইলে অল্প তেলেও ভেজে নিতে পারেন।

গরম পিঠে মুখে দিলে প্রথমে মিষ্টি, তারপর তালের গন্ধ—আর তার সঙ্গে হঠাৎ মনে পড়ে যেতে পারে বহু বছর আগের কোনও ভাদ্রের দুপুর।

তালের ক্ষীর—এক বাটি ঘরোয়া মিষ্টি

কৃতজ্ঞতা স্বীকার : Google

তালের ক্ষীর ছিল অনেক বাড়ির বিশেষ আয়োজন।

দুধ ধীরে ধীরে জ্বাল দিয়ে ঘন করা হচ্ছে। পাশে তালের রস তৈরি। রান্নাঘরে এলাচের গন্ধ।

দুধের সঙ্গে তালের রস মেশানোর পর পুরো রান্নাঘরে যে সুগন্ধ ছড়িয়ে পড়ত, তা আজও অনেকের মনে গেঁথে আছে।তালের রেসিপি নিয়ে আবার কখনো লিখবো।তালের পাটিসাপ্টা,তালের মালপোয়া,তালের কেক,তালের ভাপাপিঠে কতো কি না বানানো যায়।Raise Your Concern About this Content

শহরে থেকেও যে গন্ধটা ভুলে যাওয়া যায় না

অনেক বাঙালি এখন শহরে থাকেন। পুরনো গ্রামের বাড়ি হয়তো নেই। পুকুর নেই, উঠোন নেই, তালগাছও নেই।তবুও ভাদ্র মাসে কোথাও পাকা তালের গন্ধ পেলে হঠাৎ মনটা কেমন করে ওঠে।জীবন বড় হওয়ার সঙ্গে সঙ্গে কত কিছুই বদলে যায়। কিন্তু কিছু গন্ধ বয়স মানে না।তালের গন্ধ তেমনই একটি গন্ধ।আজকের দিনে তালের ঐতিহ্য বাঁচিয়ে রাখে।তালের সঙ্গে জড়িয়ে থাকা এই রান্নাগুলি শুধু স্মৃতির বিষয় নয়। এগুলি বাংলার খাদ্যসংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মকে এই খাবারগুলির সঙ্গে পরিচিত করা দরকার। বাড়িতে একদিন তালের বড়া বানানো, শিশুকে তালগাছ দেখানো, পাকা তাল কীভাবে রান্নার উপকরণে পরিণত হয় তা দেখানো—এসবের মধ্য দিয়েই ঐতিহ্য বেঁচে থাকতে পারে।কারণ সংস্কৃতি শুধু বইয়ে লেখা থাকে না।

সংস্কৃতি থাকে রান্নাঘরে।থাকে মায়ের হাতে।থাকে ঠাকুমার রেসিপিতে।থাকে ভাদ্রের দুপুরে খাওয়া তালশাঁসে।আর থাকে গরম তালের বড়ার প্রথম কামড়ে।

শেষবেলায় তালগাছটার কথা মনে পড়ে

ভাদ্র চলে যাবে। বর্ষাও ধীরে ধীরে বিদায় নেবে। আকাশে শরতের সাদা মেঘ দেখা দেবে। কাশফুল ফুটবে। পুজোর প্রস্তুতি শুরু হবে।কিন্তু কোথাও কোনও গ্রামের পথে তখনও একটি তালগাছ দাঁড়িয়ে থাকবে।

বছরের পর বছর।তার পাতায় বাতাস লাগবে। পাখি বসবে। বৃষ্টি নামবে। রোদ উঠবে। আবার ভাদ্র আসবে।হয়তো সেই গাছের নিচ দিয়ে একদিন কোনও ছোট্ট ছেলে বা মেয়ে হাঁটবে। তার চোখও হয়তো তালগাছের দিকে উঠবে।হয়তো সেও জানতে চাইবে—“তাল কবে পাড়বে?”আর সেই মুহূর্তেই হয়তো আমাদের হারিয়ে যাওয়া শৈশব আবার একটু ফিরে আসবে। সেই কবিতা ‘এক পায়ে দাড়িঁয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে’।

তথ্যসূত্র

নিজস্বী

- বিজ্ঞাপন -
সঙ্ঘমিত্রা ভট্টাচার্য
সঙ্ঘমিত্রা ভট্টাচার্যhttps://www.biswabanglahub.com
আমি সংঘমিত্রা ভট্টাচার্য। পেশায় একজন মিডিয়া কর্মী এবং গত ১৭ বছর ধরে বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সাংবাদিকতার মাধ্যমে মানুষের গল্প, সমাজের বাস্তবতা এবং আমাদের সংস্কৃতিকে তুলে ধরাই আমার মূল লক্ষ্য। বিশেষ করে ভ্রমণকাহিনি, উত্তর–পূর্ব ভারতের সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার এবং মানুষের জীবনধারা নিয়ে লিখতে আমি ভীষণ আগ্রহী। একজন উত্তর–পূর্ব ভারতের নারী হিসেবে আমি আমার রাজ্য এবং দেশের বৈচিত্র্য, সৌন্দর্য ও সংস্কৃতিকে বৃহত্তর বিশ্বের সামনে তুলে ধরতে চাই। আমার বিশ্বাস, গল্প ও লেখার মাধ্যমে আমরা আমাদের মাটির গন্ধ এবং মানুষের হৃদয়ের কথা সবার কাছে পৌঁছে দিতে পারি।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বাংলা ক্যালেন্ডার

- বিজ্ঞাপন -spot_img

Most Popular

Recent Comments